কলকাতা 

মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬: প্রতিভা অন্বেষণ, শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ গঠনে এক অনন্য উদ্যোগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, উৎসাহ প্রদান এবং সমাজে শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর, ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হলো ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬’-এর দ্বিতীয় পর্ব ।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে একত্রিত করে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল অত্যন্ত উল্লেখযোগ্য । এই ট্যালেন্ট সার্চের এর প্রথম পর্বে প্রায় ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির ৫,০০০ এর বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল । প্রথম পর্বের পরীক্ষার ভিত্তিতে প্রায় ১,৮০০ জন ছাত্রছাত্রী দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছিল । নির্বাচিত ছাত্র-ছাত্রীরা পরবর্তী পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার আরও বিস্তৃত পরিচয় তুলে ধরার সুযোগ পাবে এই পরীক্ষার মাধ্যমে । ট্যালেন্ট সার্চে সফল ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে আগামী ২০ সেপ্টেম্বর একটি বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের এককালীন স্কলারশিপ, সার্টিফিকেট এবং মেডেল প্রদান করা হবে ।

বিশেষত প্রত্যন্ত এলাকার থেকে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচির গুরুত্ব ও জনপ্রিয়তাকে আরও সুস্পষ্ট করে তুলেছে ।

এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পুরস্কার প্রদান কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। সফল ও মেধাবী শিক্ষার্থীদের পরবর্তী পড়াশোনা, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দেওয়ার পরিকল্পনাও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ । তারই একটি বিশেষ ফলশ্রুতি ও গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো ‘Ignite the Young Minds’। অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, ক্যারিয়ার, ব্যক্তিত্ব বিকাশ, লক্ষ্য নির্ধারণ এবং জীবনে সফল হওয়ার বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা লাভ করবে ।

এই সম্মাননা শুধু শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিই নয়, বরং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন আয়োজকরা।

বর্তমান সময়ে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; একজন শিক্ষার্থীকে নিজের প্রতিভা চিনতে, লক্ষ্য নির্ধারণ করতে এবং ভবিষ্যতের জন্য সঠিক প্রস্তুতি গ্রহণ করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬’ একটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এই মহতী উদ্যোগের আয়োজনে ছিল বেস এডুকেশনাল হাব, অনুসন্ধান সোসাইটি, জিডি স্টাডি সার্কেল এবং চেকমেট ক্যারিয়ার । সম্মিলিতভাবে এই ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, প্রতিভাবান শিক্ষার্থীদের চিহ্নিত করা এবং তাদের ভবিষ্যৎ পথচলায় সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে প্রতি বছর ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ