কলকাতার প্রথম সারির ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করল কেএমসি
কলকাতা পুরসভা এখনও পর্যন্ত ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছে । সোমবার রাত পর্যন্ত ৩১টি দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। সেই সংখ্যা মঙ্গলবার ৪০ ছুঁয়েছে বলে পুরসভা সূত্রের খবর। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, তালিকায় রয়েছে নিজামস, করিম’স, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, মিষ্টিমুখ, আরসালান, শিমলা বিরিয়ানি-সহ কয়েকটি নামী রেস্তরাঁ ও খাদ্যবিপণির নাম।
খাদ্যসুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে শহরের বিভিন্ন প্রান্তে হানা দিয়েছেন পুরসভার আধিকারিকেরা। অভিযান চলেছে বিভিন্ন রেস্তরাঁয়, এমনকি বিভিন্ন নামী শপিং মলের ফুড কোর্টেও। সব মিলিয়ে ৫৯২টি রেস্তঁরা এবং খাদ্যবিপণিতে (মিষ্টির দোকান-সহ) অভিযান চালানোর পরে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ বলে স্মিতার দাবি। স্মিতা বলেন, ‘‘পুর আইনে সরাসরি লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেই। আপাতত দু’সপ্তাহের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।’’ তিনি জানান, এই সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট বেস্তরাঁ ও খাদ্যবিপণিগুলিকে জবাবদিহি এবং খাদ্যসুরক্ষা বিধি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
হেঁশেলে ঢুকে সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখার পাশাপাশি মজুত খাবারগুলির গুনমান ঠিকঠাক রয়েছে কি না, সেগুলি সঠিক পদ্ধতিতে মজুত করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হয়েছে। কোথায় পচা-বাসি মাংস, কোথাও ছত্রাক ধরা মিষ্টি, কোথাও আবার নিম্নমানের মশলায়, নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মিলেছে বলে পুরসভার একটি সূত্র জানাচ্ছে। বেশ কয়েকটি নামী রেস্তরাঁ এবং ফুড কোর্টে এমন অনিয়মের প্রমাণ মেলায় তারাও রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়।

