প্রচ্ছদ 

শর্তসাপেক্ষে বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মমতার তৃণমূলকে মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট

শেয়ার করুন

কলকাতার রাস্তায় বুধবার মিছিল করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মিছিলের অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্ট জানিয়েছে, বুধবার, ৮ জুলাই মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে, তার একটি লেন খোলা রাখতে হবে। মিছিলের সময়ও বেঁধে দিয়েছে হাই কোর্ট। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলে ১,০০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না।

কালীঘাট তৃণমূলের অভিযোগ ছিল, বুধবার তাদের যে মিছিল করার পরিকল্পনা রয়েছে, তাতে অনুমতি দিচ্ছে না পুলিশ। কী নিয়ে মিছিল, তা বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কি না, এ সব যদিও স্পষ্ট নয়। মিছিলে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এর পরেই কালীঘাট তৃণমূল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়ের করার অনুমতি দেয় হাই কোর্ট। এ বার বিচারপতি শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দিলেন।

বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিলেন মমতা। কালীঘাটে নিজের বাসভবনের সামনে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন ‌প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে তৃণমূলনেত্রীর মিছিল আটকে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও সেই বাধা টপকে, ব্যারিকেড টপকে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান মমতা এবং তাঁর সঙ্গী-অনুগামীরা। সোমবার দুপুরে মমতার তরফে বারুইপুরে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন-পরবর্তী সময়ে দলে ভরাডুবির মাঝে হকার উচ্ছেদের বিরোধিতাতেও রাস্তায় নেমেছিলেন মমতা। সেখানে হাতেগোনা কয়েকজন নেতা-কর্মী ছাড়া বিশেষ কাউকেই দেখা যায়নি। এ অবস্থায় বুধবার ফের পথে নামতে চাইছে কালীঘাট তৃণমূল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ