অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী কাল তলব করল ইডি
বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী কাল অর্থাৎ ৯ নভেম্বর বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ওই দিন তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।
গতকালই (৭ই নভেম্বর) ছিল অভিষেকের জন্মদিন। ওই দিন তিনি জনসংযোগের মাধ্যমে দিনটি পালন করেন।কিন্তু তার পরই ফের নিয়োগ দুর্নীতিতে তলব করা হল তাঁকে। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, নিয়োগ দুর্নীতি মামলায় যতবারই অভিষেককে ডাকা হয়েছে, তদন্তে সবরকম সহযোগিতা করেছেন তিনি। কিন্তু জন্মদিনের পরই আবারও তাঁকে ডেকে রাজনৈতিক প্রতিহিংসাই চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে।
যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষের পালটা দাবি, নিয়োগ দুর্নীতিতে তো অনেককেই তলব করা হচ্ছে। এ আর নতুন কী। একই সুর কংগ্রেসের গলায়। তাদের দাবি, যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তদন্তের স্বার্থে অভিষেককে ডাকার প্রয়োজন আছে, তাহলে না ডাকার কোনও কারণ নেই। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
উল্লেখ্য, এর আগে গত ৩ অক্টোবর এই মামলাতেই সমন পাঠানো হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। কিন্তু ওই দিনই দিল্লিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অভিষেকের। সেই কারণে সেদিন হাজির হতে পারেননি তিনি। তবে তার আগেও তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। প্রতিবারই হাজিরা দিয়ে তদন্তকারী আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মাথা উঁচু করে বেরিয়ে জানিয়েছেন, যতবার সহযোগিতা করতে বলা হবে, ততবার করবেন।
আগামিকাল তিনি সিজিও কমপ্লেক্সে অভিষেক হাজিরা দেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় প্রিয় মল্লিকের গ্রেফতারির পর অভিষেককে তলব করায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।

