গাজা উপত্যকা দখল ইসরাইলের মানুষের জন্য বিশাল ক্ষতি হবে সতর্কবার্তা আমেরিকার
বাংলার জনরব ডেস্ক : গাজা উপত্যকায় ইসরাইল সেনাদের দখলদারি প্রকৃত পক্ষে ইসরাইলের আধিপত্য বিস্তারকে ধাক্কা দেবে বলে সতর্ক করল আমেরিকা। গত কাল ইসরাইল দাবি করেছে যে তারা গাজা উপত্যকায় প্রবেশ করে এই এলাকার নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে। এর পরেই আমেরিকার এই বার্তা ইঙ্গিতবহ।
আসলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা পুনর্দখলের এই কৌশলকে ভালোভাবে দেখছে না আমেরিকা (America)। হোয়াইট হাউসের দাবি, “গাজা পুনর্দখল ইসরায়েলের মানুষের জন্য ভালো হবে না।”
গতকালই ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “গোটা গাজা শহরের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত তেল আভিভ।” ঘুরিয়ে গাজা দখলের কথাই বলেছেন তিনি। এই বিষয়ে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ” প্রেসিডেন্ট (জো বাইডেন) মনে করেন গাজা পুনর্দখল ইজরায়েলের মানুষের জন্য ভালো হবে না।” আরও বলেন, “এখন মূল প্রশ্ন, যুদ্ধ পরবর্তী গাজার চেহারা কেমন হবে, গাজার প্রশাসনিক ব্যবস্থা কী দাঁড়াবে। কারণ, গত এক মাসে যাই ঘটে থাকুক, কেবল ৬ অক্টোবরের হামলার প্রেক্ষিতে, হামাসের কথা ভেবে বৃহত্তর বিষয়টির বিবেচনা হতে পারে না।”
ইজরায়েল-হামাস যুদ্ধের এক মাস পূর্তিতে এবিসি নিউজকে গতকাল নেতানিয়াহু বলেছিলেন, “তাদের হাতে গাজার শাসনভার থাকা উচিত, যারা হামাসের পথে চলতে চায় না।” এর পর সরাসরি বলেন, “আমি মনে করি ইসরায়েল গাজাকে অনির্দিষ্টকালের জন্য নিরাপত্তা দিতে সক্ষম। কারণ আমরা ভুক্তভোগী, গাজার নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে না থাকলে কী হয়, আমরা তা জানি।” নেতানিয়াহুর এই মন্তব্যের পরই ইসরায়েলকে গাজা পুনর্দখল নিয়ে সতর্ক করল আমেরিকা।

