ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল : হিজবুল্লাহ প্রধান
বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিনি জনগোষ্ঠীর সংগঠন হামাসের আল আকসা তুফান অভিযান প্রমাণ করেছে ইসরাইলের সামরিক শক্তি এবং তার গোয়েন্দা শক্তি মাকড়সার জালের চেয়েও দুর্বল আজ শুক্রবার এক লাইভ টেলিভিশন ভাষণে একথা বলেছেন লেবাননের চরমপন্থী সংগঠন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ।
তিনি আরও বলেন, ‘আল-আকসা তুফান’ অভিযান ফিলিস্তিনিদের সিদ্ধান্তে হয়েছে। ফিলিস্তিনিরাই সব কিছু করেছে, তারাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। অভিযানের বিষয়টি অত্যন্ত গোপনীয় ছিল বলেই তা সফল হয়েছে।
হাসান নাসরুল্লাহ বলেন, ‘আল-আকসা তুফান’ অভিযান ছিল অত্যন্ত বীরত্বপূর্ণ এবং অত্যন্ত সফল। এর বাইরে ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ বাকি ছিল না বলে তিনি উল্লেখ করেন।
হিজবুল্লাহ প্রধান বলেন, ফিলিস্তিনিদের আল-আকসা অভিযানের পর ইসরাইলি বাহিনী নিজেরাই নিজেদের লোকদের হত্যা করেছে। তারা হামাসের কাছ থেকে ইহুদি উপশহরগুলো পুনরুদ্ধারের জন্য তাড়াহুড়োমূলক পদক্ষেপ নিয়েছে, পাগলামি করেছে। তারাই নিজেদের লোকদের ওপর তাণ্ডব চালিয়েছে, তাদের অস্ত্রের আঘাতে উপশহরে অনেক ইহুদিবাদী প্রাণ হারিয়েছে। এখন ইসরাইলে প্রকাশিত বিভিন্ন নিবন্ধে এসব তথ্য আসছে। ভবিষ্যতে তা আরও পরিষ্কার হবে। তথ্যসূত্র রেডিও তেহরান।

