ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে! খুব শীঘ্রই বাস্তবায়ন হবে জানালেন ট্রাম্প
ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারত সফররত মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর পর এমনটা জানালেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ওরা (ভারত) চুক্তি করতে চাইছিল। আমরাও চুক্তি করতে চলেছি। প্রায় হয়েই এসেছে।” একই সঙ্গে তিনি বলেন, “আমরা যে সমস্ত চুক্তি করেছি, তার তুলনায় এটি অন্যরকম হতে চলেছে।” রুবিয়োও জানিয়েছেন, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি প্রায় চূ়ড়ান্ত হয়েই গিয়েছে। কেবল অল্প কিছু বিষয় নিয়ে এখনও দুই দেশের মধ্যে ঐকমত্য হয়নি। মার্কিন বিদেশসচিবের আশা, ওই অল্পসংখ্যক বিষয়গুলি নিয়ে শীঘ্রই সমাধানসূত্র বেরোবে। তার পরেই দুই দেশের নেতা চুক্তিতে স্বাক্ষর করবেন।
ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক, ভিসা, বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলি নিয়ে টলোমলো পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার মুম্বইয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন রুবিয়ো। বৈঠকের পরে ওয়াশিংটনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘দ্বিপাক্ষিক বিষয়গুলির পাশাপাশি উভয় পক্ষ আলোচনা করেছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা নিয়েও। যার মধ্যে গুরুত্ব পেয়েছে পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি। রুবিয়ো জানিয়েছেন, আমেরিকার সঙ্গে শক্তি ক্ষেত্রে বাণিজ্য বাড়ালে তা এক দিকে যেমন ভারতের বিশাল উপভোক্তা শ্রেণির চাহিদা মেটাবে, তেমনই তা নয়াদিল্লির সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনবে। ভারত-আমেরিকার মধ্যে প্রতিরক্ষা এবং অসামরিক পরমাণু সহযোগিতার ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেছেন তিনি।’’
রুবিয়োকে দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা ভারত আমেরিকা প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমেরিকার বিদেশ দফতর বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে না। তবে ঘটনাপ্রবাহের সঙ্গে আমরা খুবই সক্রিয় ভাবে জড়িত। আমার সমমর্যাদার কর্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমি এ বিষয়টিকে খুবই গুরুত্ব দিই। আমরা চুক্তির খুব, খুব কাছাকাছি রয়েছি। আমি বলব, চুক্তি সম্পাদন করা ছাড়া যতটা কাছাকাছি থাকা সম্ভব, আমরা ঠিক ততটাই কাছাকাছি রয়েছি।’’

