দেশ 

জয়পুর মহারাষ্ট্রগামী ট্রেনে আরপিএফ কর্মী চালালো গুলি, হত চার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রক্ষকই কি ভক্ষক ! যাত্রীদের নিরাপত্তা যার হাতে সেই নিরাপত্তার রক্ষী যখন বন্দুক নিয়ে যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন যাত্রীদের মৃত্যুবরণ ছাড়া অন্য কোন উপায় থাকে না।আজ সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে রাজস্থান থেকে মহারাষ্ট্রগামী এক্সপ্রেস ট্রেন জয়পুর এক্সপ্রেসে।

রেলের তরফে জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে যখন ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল, সে সময় হঠাৎই নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম চেতন সিংহ।

সংবাদ সংস্থা এএনআই পশ্চিম রেলকে উদ্ধৃত করে জানিয়েছে, জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অভিযুক্ত পুলিশকর্মী। গুলি চালিয়ে চার জনকে হত্যা করার পরেই পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টেনে এবং ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করেন তিনি। তার আগেই অবশ্য তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহতদের মধ্যে এক জন ওই আরপিএফ আধিকারিকের পূর্ব পরিচিত হলেও, কারও সঙ্গেই বিবাদ ছিল না তাঁর। পুলিশ সূত্রে অবশ্য জানা গিয়েছে, মানসিকভাবে সুস্থ ছিলেন না অভিযুক্ত ব্যক্তি। বেশ কিছু দিন ধরেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছুটি চাইছিলেন। তাঁকে কয়েক দিন বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরে নাকি তিনি জানিয়েছিলেন, একদম সুস্থ রয়েছেন তিনি।

ওই ঘটনার পর ট্রেনটিকে বরিভালি স্টেশনে দাঁড় করানো হয়। সেখানে দেহগুলিকে নামিয়ে ময়নাতদন্তের জন্য স্থানীয় বাবাসাহেব অম্বেদকর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন জিআরপির কমিশনের রবীন্দ্র শিসভে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ