অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা,বাদ এক কোটি
অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা। গত ৩০ জুন শুরু হয়েছিল ‘বিশেষ নিবিড় সংশোধন’ তথা এসআইআর প্রক্রিয়া। খসড়া তালিকায় বাদ পড়েছিল ১ কোটি ৭ লক্ষ নাম। তুলনায় চূড়ান্ত তালিকায় ৮.৬৪ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। অর্থাৎ আগের তালিকার তুলনায় সংশোধিত তালিকায় নাম সাকুল্যে বাদ পড়ল ৯৯ কোটি ৩২ লক্ষ।
দেখা যাচ্ছে, পুরুষ ভোটারের সংখ্যা যেখানে ২ কোটি ২৫ লক্ষ, সেখানে মহিলার ভোটার ৪ লক্ষ বেশি। তৃতীয় লিঙ্গের মানুষ ২ হাজার ৮৪১ জন। কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৫,০০,০১১ জন। আগে ভোটার তালিকায় নাম ছিল ৫,৫৪,৩২,৩১৪ জনের।
জানানো হয়েছে, নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা প্রধান নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ভোটাররা নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালের মাধ্যমেও তাঁদের নাম অন্তর্ভুক্তির বিষয়টি যাচাই করতে পারবেন।
গত আগস্টে কর্নাটকের এসআইআর পর্বের প্রথম ধাপের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের ভিত্তিতে বাদ যায় প্রায় ১ কোটি ৮ লক্ষ ভোটারের নাম। যা ছিল পশ্চিমবঙ্গের প্রায় দ্বিগুণ। তবে এবার ফের যুক্ত হল সাড়ে আট লক্ষ ভোটারের নাম। যাচাইকরণ পর্ব শুরু হয়েছিল ২৪ অগস্ট। ২২ অক্টোবর পর্যন্ত তা চলেছিল। অবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল ২৭ অক্টোবর। উল্লেখ্য, খসড়া তালিকা প্রকাশের পর থেকেই তীব্র গোলমাল ও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল দক্ষিণী এই রাজ্যে। বহু বৈধ ভোটারকে কোনও কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর তারা কী প্রতিক্রিয়া জানায় সেটাই দেখার।
প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে প্রকাশিত খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটারের নাম বাদ পড়ে। অর্থাৎ ৫৮ লক্ষ ২০ হাজারের সামান্য বেশি নাম ছিল না খসড়া তালিকায়।

