লিভ ইন সম্পর্কের নথিভুক্তিকরণের ভাবনাকে খরগোশের ভাবনার সঙ্গে তুলনা করলেন দেশের প্রধান বিচারপতি, লিভ ইন বাস নথিভুক্তিকরণের মামলা খারিজ করল শীর্ষ আদালত
বাংলার জনরব ডেস্ক : লিভ ইন সম্পর্কের নথিভুক্তিকরণ এর ভাবনা আসলে খরগোশের ভাবনা বলে কটাক্ষ করলেন দেশের প্রধান বিচারপতি।নথিভুক্তিকরণ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারই বা কী করবে! বিরক্ত প্রকাশ করে একত্রবাস নথিভুক্তিকরণের জন্য করা আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।
লিভ-ইন সম্পর্ক কেন্দ্রীয় সরকারের কাছে নথিভুক্ত করতে হবে, সুপ্রিম কোর্টকে এমন নির্দেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। মামলার শুনানির সময় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ মামলাকারীর আইনজীবী মমতা রানিকে জিজ্ঞাসা করেন, তিনি একত্রবাসে থাকা যুগলদের সুরক্ষা বাড়াতে চান, না তাঁদের একত্রবাসে ইতি টানতে চান। এই মামলা নিয়ে বিরক্তিও প্রকাশ করেন প্রধান বিচারপতি।

বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘‘এ কী? এখানে মানুষ যা খুশি দাবি নিয়ে আসে! আমরা এই ধরনের মামলা করার ক্ষেত্রে খরচ চাপাতে শুরু করব। কিসের নথিভুক্তিকরণ? কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কী করবে? একত্রবাসে থাকা যুগলদের সঙ্গে সরকারের কী লেনাদেনা? এগুলো সব ‘খরগোশের ভাবনা’ যা আদালতকে দিয়ে কার্যকর করাতে চাওয়া হচ্ছে।’’

