জেলা 

মদ্যপান করতে বারণ করার অপরাধে প্রাক্তন বিধায়কের আপ্ত সহায়ককে খুন করলো দুষ্কৃতীরা

শেয়ার করুন

নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিংহের আপ্তসহায়ক শেখর চৌধুরী ওরফে বান্টি (৩০) ইট মেরে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি হয়েছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়ায়।  অভিযোগ, এলাকায় কয়েক জনকে মদ্যপানে বাধা দিয়েছিলেন বলেই তাঁকে খুন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গারুলিয়ায় মা, স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন বান্টি। গত বুধবার রাতে তাঁর বাড়ির পাশে একটি ক্লাবে কয়েক জন যুবক মদ্যপান করছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর, তাঁদের মদ্যপান করতে বারণ করেছিলেন বান্টি। সেই নিয়ে প্রথমে ওই যুবকদের সঙ্গে বচসা ও হাতাহাতি শুরু বান্টির। অভিযোগ, সেই বচসার জেরে তাঁকে ইট দিয়ে মারা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল এবং তাঁর পুত্র। গুরুতর আহত অবস্থায় বান্টিকে প্রথমে ব্যারাকপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

সোমবার সকাল থেকে গারুলিয়ায় উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই এই ঘটনায় বিকি চৌধুরী, আমান চৌধুরী এবং পিন্টু চৌধুরীকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধ মাদক বিক্রি-সহ একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই হেরোইন-সহ নিষিদ্ধ মাদক বিক্রি করা হয়। পুলিশ সব জেনেও ব্যবস্থা নিচ্ছে না বলে তাঁদের অভিযোগ।

ইতিমধ্যে সেই রাতের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। তাতে দেখা গিয়েছে, বান্টিকে কয়েক জন যুবক ঘিরে ধরে মারধর করছে এবং ইট দিয়ে আঘাত করছে। বান্টির পরিবারের সঙ্গে দেখা করেন নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন। পরিবারের সদস্যদের পাশে থাকার এবং সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেন তিনি।

নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল বলেন, ‘‘এলাকায় কী ভাবে হেরোইন বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশ কেন কার্যকর পদক্ষেপ করতে পারছে না?’’ নোয়াপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ