তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি দাবি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর! রহস্য ?
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এ কথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘‘দুই দেশের সরকার প্রধানেরা যখন কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়। তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। ভারতের উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা।’’
আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস-এর ‘আউটরিচ সেশন’-এ বিমস্টেক-এর সভাপতি হিসাবে তারেকের যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁকে আমন্ত্রণও জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারেকের ভারতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিদেশ মন্ত্রকের একটি সূত্রও জানিয়েছে, তারেক ব্রিকস-এ যোগ দিতে আগ্রহী নন। কারণ, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভারত সফরে বহুপাক্ষিক সম্মেলনের পরিবর্তে দ্বিপাক্ষিক বৈঠককে বেছে নিতে চান তিনি।
তারেক কবে ভারতে আসবেন সে বিষয়ে অবশ্য কিছু জানাননি শামা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী এখন বাংলাদেশের বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। ভারত-সহ অন্যান্য দেশে সফর, কোনও কিছুই এখনও ফাইনাল (চূড়ান্ত) হয়নি। সেটা অবশ্যই দুই দেশ আলোচনা করে চূড়ান্ত করবে।’’ দিল্লিতে ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’র অনুষ্ঠানে সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার ঘটনা নিয়ে দ্বিপাক্ষিক কূটনীতিতে টানাপড়েন তৈরি হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গণহত্যার অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনার বক্তৃতা প্রসঙ্গে শামা বৃহস্পতিবার বলেন, ‘‘আমরা তো আগেই বলেছি যে, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ ভাল ভাবে নেবে না, নেয় না। জুলাইয়ের কথা এখনও মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনও শুকোয়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে।’’

