খেলার ছলে পড়াশোনা: মেটিয়াবুরুজের স্কুলে খুদে পড়ুয়াদের আনন্দের ক্লাস
রবিবার ১১ই অক্টোবর : মুখস্থ করার কোনো বালাই নেই, খেলার ছলে আনন্দের সঙ্গেই তৈরি হয়ে যাচ্ছে স্কুলের পড়া। মেটিয়াবুরুজ অঞ্চলের সন্তোষপুর শিশু শিক্ষা নিকেতনে গত রবিবার এমনই এক অভিনব ও মজাদার ক্লাসের সাক্ষী হলেন খুদে পড়ুয়ারা, তাদের অভিভাবক এবং শিক্ষকেরা। তৃতীয় শ্রেণির সাদিয়া, আফিয়া, আরহান, আলেয়া ও আসিফাদের মতো খুদে পড়ুয়াদের নিয়ে এদিন বসেছিল এক বিশেষ আসর। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট শিক্ষক ও শিক্ষা প্রশাসকেরা, যাদের মধ্যে অন্যতম ড. পার্থসারথি দাস, খাদেমুল ইসলাম, গৌরাঙ্গ সরখেল এবং নায়ীমুল হক।
এদিন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা হাতে-কলমে দেখান কীভাবে খেলার মাধ্যমে শিশুদের সহজে পড়ানো যায়। ড. পার্থসারথি দাসের ইংরেজি পড়ানোর চমৎকার কলাকৌশল দেখে শিক্ষক ও অভিভাবক উভয় পক্ষই আপ্লুত হন। শিশুরা জানায়, এভাবে পড়তে তাদের দারুণ লাগছে এবং পড়া খুব দ্রুত তৈরি হয়ে যাচ্ছে। অভিভাবকদের মতে, এই পদ্ধতির পর থেকে বাচ্চাদের শেখার আগ্রহ অনেক বেড়েছে। এখন তারা কোনোভাবেই স্কুল কামাই করতে চায় না, এমনকি মামাবাড়ি যাওয়ার চেয়েও স্কুলে আসাকে বেশি প্রাধান্য দিচ্ছে।
শিক্ষা নিকেতনের সম্পাদক তথা বিশিষ্ট শিল্পপতি আলমগীর ফকির জানান, ‘অনুসন্ধান সোসাইটি’-র সৌজন্যে গত ৮ মাস ধরে প্রতি দুমাস অন্তর এখানে শিক্ষক-শিক্ষিকাদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে। সোসাইটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ দিব্য গোপাল ঘটকের নেতৃত্বে এই এক বছরের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন সাহেব জানান, এই উদ্যোগের ফলে শিক্ষকেরা যেমন নতুন পদ্ধতি শিখছেন, তেমনই শিশুরা উৎসাহিত হচ্ছে এবং এতে আশাতীত সাফল্য পাওয়া গেছে।
অনুষ্ঠানের শেষে আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে কলকাতা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি শাহজাহান সাহেব জানান, আগামী ২০শে ডিসেম্বর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বিশেষ ‘গণিত দিবস’ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণিতের উপর বিশেষ কুইজ প্রতিযোগিতা সহ বিতর্ক ও বিজ্ঞান মডেল প্রদর্শনী প্রতিযোগিতার বিশেষ আয়োজন করা হয়েছে। অনুসন্ধান সোসাইটির তত্ত্বাবধানে খেলার ছলে শিক্ষার এই নতুন জোয়ার মেটিয়াবুরুজ অঞ্চলে এক ইতিবাচক প্রভাব ফেলেছে।

