কলকাতা 

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ সোমবার হাজিরা নির্দেশ

শেয়ার করুন

ক্যামাক স্ট্রিট কাণ্ডে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও কলকাতা পুলিশ।  রবিবার সকালে সমন নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছোন পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, সোমবার শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে অভিষেককে।

একই নোটিস নিয়ে বুধবার সন্ধ্যাতেও গিয়েছিল পুলিশ। কিন্তু নোটিস কেউ গ্রহণ করেননি। অভিষেকের বাড়ি থেকে পুলিশকে জানানো হয়, নোটিস গ্রহণ করার মতো কেউ নেই। যাঁর নামে নোটিস, তিনি শহরের বাইরে রয়েছেন। ফলে নোটিস না-দিয়েই ফিরতে হয়েছিল পুলিশকে। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক। বুধবার সেই কারণে বাড়িতে ছিলেন না তিনি। শনিবার তিনি কলকাতায় ফিরে এসেছেন। তার পরই দেখা গেল রবিবার বেলা গড়াতেই তাঁর কালীঘাটের বাড়িতে আবার পৌঁছে যায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। কিছু ক্ষণ গেটের বাইরে অপেক্ষা করে তারা। তার পরে পুলিশের নোটিস গ্রহণ করা হয়।

গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল। পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিষেকের অনুগামীরা। ধাক্কাধাক্কি, হাতাহাতির মধ্যেই জোর করে পুলিশ ক্যামাক স্ট্রিটের ওই ভবনের ছাদে ওঠে বলে অভিযোগ। খুলে নেওয়া হয় তৃণমূলের নাম এবং জোড়াফুল চিহ্ন সংবলিত বিলবোর্ড। অভিযোগ, বিলবোর্ডটি বেআইনি ভাবে বসানো হয়েছিল এবং এলাকার নিরাপত্তার পক্ষে তা বিপজ্জনক। এর পর অবশ্য সেখানে একই নাম এবং চিহ্ন আঁকা ব্যানার টাঙিয়ে দেন অভিষেকেরা। সে দিনের ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর হয়েছিল। পুলিশ তার তদন্ত করছে।

তিনটি এফআইআর-এর মধ্যে একটিতে পুলিশ ইতিমধ্যে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে। শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। আবার সেই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ