রাজারহাটের ভাড়াবাড়িতে বিস্ফোরণের তদন্তে এনআইএ, বাড়ি ঘিরে তল্লাশি সিআইডি এবং পুলিশের
রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। শনিবার দুপুরে বিস্ফোরণস্থলে পৌঁছোয় সিআইডি এবং রাজ্য পুলিশের এসটিএফ। এ ছাড়া ঘটনাস্থলে গিয়েছে বম্ব স্কোয়াডও। ঘটনাস্থলে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে বেশ কিছু বিস্ফোরক এবং বোমা উদ্ধার হয়েছে। বাড়িটিকে ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার সময়ের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কারা জড়িত, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। ডিসি জ্যোতির্ময় রায় বলেন, ‘‘দু’টি বোমা উদ্ধার হয়েছে। তাজা বোমা, না সেগুলি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তা পরীক্ষা করে দেখা হবে।’’
শুক্রবার রাতে দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, কয়েক দিন আগে ওই বাড়িতে ভাড়া নিয়েছিলেন দুই যুবক। ওই বাড়ির এক বাসিন্দা সাহিদা বেগম জানান, শুক্রবার রাতে দুই নাবালক এসে ওই ঘরে একটি ব্যাগ রেখে যায়। তার পর তারা বেরিয়ে যায়। কিছু ক্ষণ পরেই বিস্ফোরণ হয়। ঘটনার পর পরই সেখানে পুলিশ যায়। এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।
শনিবার সকালে ওই বাড়িতে যায় সিআইডি, বম্ব স্কোয়াড এবং এসটিএফ। বাড়ি ঘিরে তল্লাশি চলে। কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়েরা।

