দেশ 

মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে ৭১৭ টি মদের দোকান বন্ধ করলেন নয়া মুখ্যমন্ত্রী বিজয়! রহস্য?

শেয়ার করুন

ক্ষমতা হাতে পেতেই তামিলনাড়ুতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ বিজয়ের। রাজ্য সরকার দ্বারা পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন তিনি। ওই মদের দোকানগুলি ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত ছিল। (Joseph Vijay)।

তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন TASMAC যে খুচরো মদের দোকানগুলি চালাত, সেগুলিই বন্ধ করতে নির্দেশ দিয়েছেন বিজয়। জানিয়েছেন, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। (Thalapathy Vijay)।

Advertisement

তামিলনাড়ু সরকারের হিসেব বলছে, রাজ্যে এই মুহূর্তে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে TASMAC-এর। যে ৭১৭টি মদের দোকান বন্ধ করতে বলা হয়েছে, তার মধ্যে ২৭৬টি দর্মস্থান, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত।

মঙ্গলবার সকালে এই নির্দেশ জারি করেছেন বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বড় সিদ্ধান্তেই সকলকে চমকে দিলেন তিনি। বুঝিয়ে দিলেন, সামাজিক সংস্কারও তাঁর পরিকল্পনার অংশ। তবে TASMAC পরিচালিত মদের দোকানগুলি থেকে বিপুল আয় হয় রাজ্য় সরকারের। তাই বিজয়কে সমালোচনার মুখেও পড়তে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৫১ বছর বয়সি বিজয়। এবারের বিধানসভা নির্বাচনে ইতিহাস রচনা করেছে তাঁর দল TVK. AIADMK এবং DMK-র বাইনারি ভেঙে চুরমার চুরমার করে দিয়েছে। কংগ্রেস, বাম, VCK, মুসলিম লিগ এমনকি AIADMK-র বিদ্রোহীদেরও সমর্থন আদায় করে ফেলেছেন বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে বিজয়ই প্রথম জোট সরকার গড়লেন।

ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার বিষয়ে অনুমতি দিয়েছেন বিজয়। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, জেলায় জেলায় মাদক বিরোধী ইউনিট গড়ার কথা জানিয়েছেন তিনি। তবে DMK জমানার অর্থনীতি নিয়ে যে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা করেছেন বিজয়, সেদিকেই তাকিয়ে সকলে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ