শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের মামলায় জামিন পেলেন রাহুল
বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ডে এক জনসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মামলায় আজ জামিন পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালত কংগ্রেস সাংসদের জামিনের আর্জি মঞ্জুর করেছে। জামিন পেতে এদিন আদালতে সশরীরে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী।
ঝাড়খণ্ডে এক জনসভায় অমিত শাহের বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন প্রতাপ কুমার নামে এক ব্যক্তি। এই মামলায় একাধিকবার রাহুলকে সমন পাঠানো হলেও হাজির হননি তিনি। এই পরিস্থিতিতে গত ২৭ ফেব্রুয়ারি রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত। এর পালটা হাই কোর্টে আবেদন জানান রাহুল। ১৪ মার্চ মামলার শুনানিতে রাহুলকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এরপর ১০ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট ৬ আগস্ট পর্যন্ত এই মামলায় রাহুলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। শর্ত দেওয়া হয় রাহুলকে আদালতে উপস্থিত হতে হবে। সেইমতো বুধবার ঝাড়খণ্ডের চাইবাসা আদালতে হাজির হন রাহুল গান্ধী। এরপর রাহুলের জামিনের আর্জি মঞ্জুর করা হয়।
রাহুলের জামিনের পর তাঁর আইনজীবী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার চাইবাসা এমপি-এমএলএ আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন রাহুল। বিচারকের কাছে তিনি জামিনের আবেদন জানান। তাঁর সে আবেদন মঞ্জুর করা হয়েছে। এই মামলার পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

