অশুভ শক্তি দেশের জমানা পরিবর্তনের চেষ্টা করছে দশেরায় বার্তা দিতে গিয়ে বললেন আরএসএস প্রধান
বাংলার জনরব ডেস্ক : দেশজুড়ে চলা ছাত্র যুবদের আন্দোলন এবং বিরোধীদের আন্দোলন ভোট চুরি নিয়ে এই ঘটনাকে অশুভ শক্তি বলে অভিহিত করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ দশেরা উপলক্ষে মহারাষ্ট্রের আরএসএসের সদর দপ্তর নাগপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান বলেন একটি অশুভ শক্তি ভারতে জমানা পরিবর্তনের চেষ্টা করছে এটা সফল হবেনা। ভাগবতের কথায়, “এটা (জমানা পরিবর্তন) আগেও হয়নি। ভবিষ্যতেও হবে না।”
ভাগবত আরও বলেন, “ভারতই ওদের নিশানায় রয়েছে। কারণ ভারত উন্নতির পথে এগোচ্ছে। এই সমস্ত অশুভ শক্তি জানে, গত কয়েক দশক ধরে ভারত যে ভাবে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে এগোচ্ছে, তাতে তারা এই অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না। তাই তারা ভারত এবং সংঘকে ভাঙার চেষ্টা করছে।”
ভারতে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ তুলে ভিন্দেশের উদাহরণও টেনেছেন ভাগবত। তাঁর দাবি, ভারতের পরাজয় চায় বিশ্বের অনেক শক্তি। তবে নির্দিষ্ট করে কারও নাম করেননি তিনি। সম্প্রতি ফ্রান্স, নেপাল এবং বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যে জনবিক্ষোভ আছড়ে পড়েছিল, তার উদাহরণ টেনে আরএসএস প্রধান বলেন, “পশ্চিম থেকে ঝড় আসছে, যা সংস্কৃতি, প্রচলিত ব্যবস্থা এবং নিরাপত্তাকে ঘৃণা করে। এই ঝড় ধ্বংস চায়।” নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই কেউ কেউ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ‘অরাজকতা’ তৈরি করছেন বলে দাবি ভাগবতের।
ভাগবতের সংযোজন, ভারত, হিন্দু এবং সংঘকে ধ্বংস করতে দানবীয় শক্তি পরিকল্পনা করছে। সেই অনুযায়ী কাজ করছে। ক্ষমতা দখলের ইচ্ছায় এবং জ্ঞানের অভাবে কয়েক জন উচ্চাকাঙ্ক্ষী নেতা এর সঙ্গে জড়িত রয়েছেন বলেও দাবি করেন সঙ্ঘপ্রধান। তবে গণতন্ত্রে আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেছেন ভাগবত। তিনি বলেন, “সমস্যা হলে নিশ্চয়ই আন্দোলন হবে। গণতন্ত্রে আন্দোলন হবেই। কিন্তু সেগুলির মাধ্যমে সমাধানসূত্র খোঁজা উচিত। আন্দোলনের লক্ষ্যই হল সমাধান খুঁজে বার করা।”

