ভারত পাক সংঘাত ছেড়ে আলোচনার পথে? বিদেশ মন্ত্রীকে মার্কিন বিদেশ সচিবের ফোন ঘিরে জল্পনা! কী কথা হল দুজনের?
বাংলার জনরব ডেস্ক : পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। আজ শনিবার সকালে কথা হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে শুক্রবার রাতে এ কথা হয়েছে। মার্কিন বিদেশ দফতর ফোনালাপের কথা জানানোর পর জয়শঙ্করও সমাজমাধ্যমে এই সংক্রান্ত পোস্ট করেছেন।
মার্কিন বিদেশ দফতর থেকে বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, মার্কো রুবিয়ো ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের উপায় খোঁজার উপর জোর দিয়েছেন তিনি। ভুল বোঝাবুঝি এড়াতে জোর দেওয়া হয়েছে প্রত্যক্ষ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার উপরেও। ভবিষ্যতের সংঘাত এড়াতে এবং উভয় পক্ষের মধ্যে আলোচনা সহজতর করতে আমেরিকা সবরকম সহায়তায় প্রস্তুত, জয়শঙ্করকে তা জানিয়ে দিয়েছেন মার্কিন বিদেশসচিব।
এই কথোপকথনের কথা জানিয়ে সমাজমাধ্যমে জয়শঙ্কর লিখেছেন, ‘‘আজ সকালে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা হল। ভারত সবসময়ে সংযমী এবং দায়িত্বশীল থেকেছে, তা-ই থাকবে।’’
উল্লেখ্য, পহেলগাঁও হামলা এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে প্রথম থেকেই কূটনীতির পথে হাঁটার বার্তা দিয়ে এসেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহেলগাঁও কাণ্ডের পরে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছিলেন। তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও একই বার্তা দেন। রুবিয়ো একাধিক বার কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দারের সঙ্গে। মার্কিন বিদেশসচিবের সঙ্গে ভারত এবং পাকিস্তানে তাঁর পরিপূরক পদাধিকারী জয়শঙ্কর বা দারের কথা বলা স্বাভাবিক। কিন্তু বিদেশমন্ত্রীর সঙ্গে কথা না-বলে রুবিয়ো কেন সরাসরি পাক সেনাপ্রধানকে ফোন করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

