জেলা 

ট্যাবের টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ১

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ট্যাবের টাকা হাতানোর অভিযোগে মালদহ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান জেলা পুলিশ। মঙ্গলবারই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পড়ুয়াদের অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে রাজ্য সরকারের দেওয়া ট্যাব কেনার টাকা হাতিয়েছেন ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। তিনি স্থানীয় একটি সাইবার ক্যাফের মালিক। পড়ুয়াদের অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে তিনিই ট্যাব কেনার টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। পুলিশের অনুমান, ধৃত যুবক ছাড়াও এই চক্রে আরও কয়েক জন জড়িত রয়েছেন। তাঁদের খুঁজতে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

দিন কয়েক ধরেই পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ‘তরুণের স্বপ্ন’ নামে ওই প্রকল্পে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। অথচ অভিযোগ, চলতি বছরে সেই টাকা অনেক পড়ুয়াই পায়নি। অনেকে আবার দ্বিগুণ টাকা পেয়েছে! পড়ুয়াদের ট্যাব কেনার টাকা কী ভাবে, কার গাফিলতিতে অন্যের অ্যাকাউন্টে গেল, তার তদন্তে নেমে শিক্ষা দফতর জানতে পারে, রাজ্য জুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। এর পর বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে জেলা পরিদর্শকদের কাছ থেকে রিপোর্টও সংগ্রহ করে স্কুল শিক্ষা দফতর।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ৮৮ জন, পূর্ব মেদিনীপুরের ৬৫ জন এবং মালদহের ১৪৯ জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি। ওই টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে! শনিবার এ প্রসঙ্গে শিক্ষাসচিব বিনোদ কুমার বলেন, ‘‘ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এর নেপথ্যে যদি কেউ জড়িত থাকেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

সোমবার বিকেলে এ বিষয়ে নবান্নে বৈঠকও করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এর পরেই মালদহ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ