মায়ের হাতে খুন মেয়ে! চাঞ্চল্য ব্যারাকপুরে তদন্তে পুলিশ
মায়ের হাতে মেয়ে খুন। এই ঘটনায় ব্যারাকপুর অঞ্চলে চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যারাকপুর আনন্দপুরীর ডি রোডের বাসিন্দা ইন্দ্রজিৎ ঘোষ এবং তাঁর স্ত্রী। পুলিশ সূত্রের খবর, স্কিৎজ়োফ্রেনিয়ায় আক্রান্ত স্ত্রীর চিকিৎসা চলছে। দম্পতির একমাত্র মেয়ে রাজন্যা ঘোষ (১১) শহরেরই একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। মেয়েকে নিয়ে বৃহস্পতিবার রাতে ঘুমোতে যান মা। শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও দরজা খোলেননি। ডেকেও সাড়া পাননি ইন্দ্রজিৎ। প্রতিবেশীরাও বিস্তর চেষ্টা করে দরজা খোলাতে না পেরে পুলিশ ডাকেন। টিটাগড় থানার পুলিশ একতলার দরজা ভেঙে ভিতরে ঢোকে। তত ক্ষণে সব শেষ।
দীর্ঘ সময় রাজন্যার মায়ের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করেন তদন্তকারীরা। রাতে মাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, শেষ রাতে ঘুমন্ত কন্যাকে গলা টিপে মেরে ফেলেছেন মা। ইন্দ্রজিৎ জানান, বছর কয়েক আগে শ্যামনগরের গাঙ্গুলিপাড়ার বাড়ি ছেড়ে আনন্দপুরীতে এসেছিলেন তাঁরা। স্ত্রী অস্বাভাবিক আচরণ করলেও মেয়েকে আগলে রাখতেন। মেয়ের সামান্য শরীর খারাপ করলেও ব্যাকুল হয়ে উঠতেন। ইন্দ্রজিৎ বলেন, ‘‘বিশ্বাস করতে পারছি না, এমন কী করে সম্ভব?’’ প্রতিবেশীরা জানান, টিভিতে নিয়মিত আর জি কর কাণ্ডের খবর দেখতেন রাজন্যার মা।

কেন এভাবে মেয়েকে খুন করল মা তা এখনো স্পষ্ট হয়নি। পুলিশ তদন্ত করে চলেছে এর ভেতরে কোন রহস্য আছে কিনা জানার চেষ্টা চলছে। তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা।

