বিজেপি ছাড়লেন সাংসদ অজয় প্রতাপ সিংহ
বাংলার জনরব ডেস্ক : বিজেপি ছাড়লেন মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ অজয় প্রতাপ সিংহ। শনিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে চিঠি লিখে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
গত মাসে রাজ্যসভা নির্বাচনে অজয়কে পুনর্মনোনয়ন দেয়নি বিজেপি। দলের একটি সূত্রের খবর, তিনি মধ্যপ্রদেশের সিধি লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু ওই কেন্দ্রে বিদায়ী সাংসদ রীতি পাঠককে সরিয়ে নতুন মুখ রাজেশ মিশ্রকে প্রার্থী করেছে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। সেই ক্ষোভ থেকেই দল ছাড়লেন অজয়। যদিও পদত্যাগপত্রে তিনি কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। প্রসঙ্গত, সিধি আসনে কংগ্রেস এ বার প্রার্থী করেছে দলের ওয়ার্কিং কমিটির সদস্য কমলেশ্বর পটেলকে।

