পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত চার জখম বেশ কয়েকজন
বাংলার জনরব ডেস্ক : বুধবার বিকেল তিনটে নাগাদ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কাছে দীঘাগামী গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন দুর্ঘটনার জেরে এলাকার রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে এর ফলে ১১৬ নম্বর জাতীয় সড়কে আপাতত যান চলাচল বন্ধ আছে। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর বুধবার বিকেলের দিকে একটি গাড়ি দীঘার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি বাস। ১১৬ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারে ঘটে দুর্ঘটনা। বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়ির। ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।


