কলকাতা 

SSC Scam: শুক্রবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা কুন্তল ঘোষের দুটি ফ্ল্যাটে ইডির তল্লাশি,এবার নিশানায় কী শাসক দলের সাধারণ সম্পাদক!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ধরে সিবিআই জেরা করার পর আজ শুক্রবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা কুন্তল ঘোষের দুটি বাড়িতে ইডি তল্লাশি শুরু করেছে।

এদিন খুব সকালে ইডি আধিকারিকরা দু’টি দলে ভাগ হয়ে কুন্তলের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে বলে ইডি সূত্রে খবর। নিউটাউনের চিনার পার্ক এলাকায় বিলাসবহুল আবাসনে জোড়া ফ্ল্যাট রয়েছে যুবনেতার নামে। সেই ফ্ল্যাটগুলিতেই চলছে তল্লাশি।

Advertisement

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন কুন্তলের বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, তাপস তাঁদের জানিয়েছেন যে, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা কুন্তলের কাছে পৌঁছেছে। তাপস মণ্ডলের দাবি ছিল, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল। এই সংক্রান্ত নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন। তিনি এ-ও দাবি করেন যে, মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন কুন্তল।

সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুন্তলকে ডেকে পাঠানো হয়েছিল। বুধবার বিকেল ৩টের পর নিজাম প্যালেসে হাজিরা দেন তৃণমূলের যুব নেতা। সিবিআই দফতরে বুধবার বেশ কিছু নথি সঙ্গে নিয়ে এসেছিলেন কুন্তল। এক ঘণ্টা থাকার পর বেরিয়ে যান। বুধবার দুপুরে নিজাম প্যালেসে এসেছিলেন তাপসের এক প্রতিনিধিও। নিজাম প্যালেস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছিলেন কুন্তল। তাঁর প্রশ্ন ছিল, ‘‘আমি যদি টাকা নিতাম, সিবিআই কি এত সহজে আমাকে ছেড়ে দিত?’’

এদিন সকালে যেভাবে ইডি কুন্তলের দুটি ফ্ল্যাটে ঢুকে তল্লাশি চালাতে শুরু করেছে তাতে এবার কি নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়!


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ