নৈহাটির শুট আউট কাণ্ডে মৃত এক জখম এক
বাংলার জনরব ডেস্ক : নৈহাটির (Naihati) শিবদাসপুর থানার কন্দপুকুর থানা এলাকায় প্রকাশ্যে চলল গুলি। গুলি ও বোমাবাজিতে জখম ২ তৃণমূল কর্মী। তাঁরা দু’জনেই কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম মহম্মদ জাকির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধেয় দু’টি বাইকে কয়েকজন দুষ্কৃতী নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর এলাকায় আসে। জাকিরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর দুষ্কৃতীরা বেশ কয়েকটি বোমা ছোঁড়ে। মহম্মদ জাকির ছাড়া আরও একজন জখম হন। তাঁরা বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে ভরতি। জাকিরের মারা গেছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই লেগেছে রাজনীতির রং। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার টুইটে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “নৈহাটির কাছে শিবদাসপুরে গুলি, বোমা। এর আগেও বারাকপুর কমিশনারেটের অন্তর্গত কাঁকিনাড়াতে নাবালকের মৃত্যু। বারাকপুর কমিশনারেট কি হেমন্তকালেই শীতঘুমে ব্যস্ত? পশ্চিমবঙ্গের মানুষ কি বলছেন মাননীয়া পুলিশ মন্ত্রী শুনে নিন।” এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক কারণ নাকি গুলি-বোমা চলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে চলছে জোর আলোচনা। ব্যক্তিগত আক্রোশের জেরে এই ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তদন্তকারীরা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

