সারদার সম্পত্তি নিলাম করতে সেবির বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত জানতে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক :সারদার সমস্ত সম্পত্তি নিলামে তুলছে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (সেবি)। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেবি। আগামী ৯ নভেম্বর সারদা গ্রুপ অফ কোম্পানিজ এবং তার ডিরেক্টরদের স্থাবর সম্পত্তি নিলামে উঠবে। নিলামে অংশ নিতে ইচ্ছুকরা আবেদনপত্র দাখিল করতে পারবেন ৩ডিসেম্বর পর্যন্ত।
কলকাতার ক্যামাক স্ট্রিটে সেবির কার্যালয়ের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে আবেদনপত্র গ্রহণের শেষ সময় ২৮ অক্টোবর এবং ১ নভেম্বর নিলাম হওয়ার কথা থাকলেও উৎসবের মরসুমের প্রেক্ষিতে যাতে আরও বেশি ইচ্ছুক ক্রেতা নিলামে অংশ নিতে পারেন, সে কথা ভেবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ও নিলামের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
এই প্রেক্ষিতেই সারদায় টাকা রেখে প্রতারিতদের প্রশ্ন, নিলাম তো হবে। কিন্তু নিলামে ওঠা টাকা কি তাঁরা পাবেন? সেবির সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে অবশ্য তা স্পষ্ট নয়। স্বভাবতই, আইন, আদালত, নিলাম প্রক্রিয়া নিজের গতিতে চললেও, সারদায় টাকা রেখে সর্বস্ব খোয়ানো মানুষের সেটাই একমাত্র চিন্তা।
দীর্ঘ দিন হল সারদা মামলা চলছে আদালতে। সর্বশেষ, কলকাতা হাইকোর্ট সারদার মামলা পাঠিয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের কমিটির হাতে। আবেদনকারী পক্ষের আইনজীবী অরিন্দম দাস জানিয়েছিলেন, সিবিআই, ইডি, রাজ্য সরকার-সহ বিভিন্ন সংস্থার হেফাজতে সারদার যত টাকা ও সম্পত্তি আছে, সে সব তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এর আগে সারদা মামলায় ৫০০ কোটির তহবিল গড়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের কমিশনের কাছে রাজ্য ২৮৭ কোটি টাকা প্রতারিত আমানতকারীদের ক্ষতিপূরণ বাবদ দেওয়ার জন্য দিয়েছিল। আমানতকারীদের আর এক আইনজীবী শুভাশিস চক্রবর্তী হাই কোর্টকে জানিয়েছিলেন, ওই তহবিলে ১৪০ কোটি টাকা এখনও পড়ে রয়েছে।

