কলকাতা 

রাজ্যব্যাপী প্রতি ৪০০ গ্রাম পাউরুটিতে দাম বাড়ছে চার টাকা, সঠিক ওজন এবং সঠিক মূল্য দেওয়ার দাবি সংগঠনের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  আগামী ২০শে নভেম্বর রবিবার থেকে পাউরুটির দাম বাড়ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বেকারী মালিকদের জয়েন্ট এ্যকশেন কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।

তিনি জানান ৪০০ গ্রাম পাউরুটির বর্তমান মূল্য আটাশ টাকা থেকে টাকা বেড়ে ২০শে নভেম্বর থেকে ৩২ টাকা দরে বিক্রি হবে। অনুরূপভাবে ২০০ গ্রাম পাউরুটির মূল্য ছিল ১৪ টাকা থেকে বেড়ে হবে ১৬টাকা ,১০০গ্রাম পাউরুটির মূল্য ছিল সাড়ে সাত টাকা, সেটা ২০শে নভেম্বর থেকে বেড়ে হচ্ছে সাড়ে আট টাকা। জয়েন্ট এ্যকশেন কমিটির সম্পাদক বিধায়ক ইদ্রিস আলী জানান ২০শে নভেম্বর এর আগে কোন বাড়তি দাম নেওয়া যাবে না।

তিনি বলেন পাউরুটি তৈরি করার জন্য যে সমস্ত কাঁচামালের দরকার হয় (যেমন ময়দা,চিনি,ঘি ইত্যাদি)তা অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধির কারণে দাম বাড়াতে আমরা বাধ্য হলাম।  সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন যেভাবে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে তা আপনারা প্রত্যেকদিন উপলদ্ধি করছেন। পেট্রল,ডিজেল থেকে শুরু করে সমস্ত দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে উদাসীন কেন্দ্রীয় সরকারের জন্যে। কেন্দ্রীয় সরকারের গাফিলতিতে বেকারী শিল্পের প্রচন্ড ক্ষতি হচ্ছে।ছোট খাটো অনেক বেকারী উঠে গেছে। তাই জনসাধারণের কথা চিন্তা করে এবং বেকারী শিল্পকে বাঁচাতে আমরা এই পাউরুটির দাম নির্ধারণ করতে বাধ্য হলাম। তিনি আরও জানান, সমস্ত দিক চিন্তা করে এবং উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভেবে আমরা পশ্চিমবঙ্গেই, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম দামে পাউরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।গুজরাট, বিহার, ঝাড়খন্ড, দিল্লি, উত্তরপ্রদেশ সমস্ত জায়গাতে প্রতি ৪০০ গ্রাম পাউরুটির দাম ছত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা, কিছু কিছু জায়গায় পঞ্চাশ টাকার বেশি দামেও পাউরুটি বিক্রি হচ্ছে।

উল্লেখ থাকে ওয়েষ্ট বেঙ্গল বেকার্স কো অডিনেশন কমিটির পক্ষে সম্পাদক সেখ ইসমাইল হোসেন এই মূল্য বৃদ্ধির সমর্থন করেছেন। গতকাল জয়েন্ট এ্যকশেন কমিটি এবং ওয়েষ্ট বেঙ্গল বেকার্স কো অডিনেশন কমিটি একসঙ্গে সভা করে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আমরা এই পাউরুটির মূল্য নির্ধারণ করি এবং আমাদের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষ মেনে চলেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ