কলকাতা 

বিজয়া সম্মেলনে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও কৃতী পড়ুয়াদের আর্থিক সাহায্য

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বিজয়া সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক দায়বদ্ধতার নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে কলকাতার অহীন্দ্র মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও রোগীদের পাশাপাশি কৃতী ছাত্রছাত্রীদের হাতে আর্থিক সাহায্য ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নিশ্বর নস্কর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল। তাঁদের হাত দিয়েই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও রোগীদের পাশাপাশি কৃতী পড়ুয়াদের হাতে আর্থিক সাহায্য ও সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ দত্ত, যুগ্ম সম্পাদক তপন কুমার দত্ত, সাংস্কৃতিক সম্পাদক অসিত পালিত-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সতীনাথ হালদার। অনুষ্ঠানের সূচনা হয় অনুক্তা হালদার ও শুক্লা চট্টোপাধ্যায়ের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে। একক নৃত্য পরিবেশন করেন ডোনা দাস। এছাড়াও সমবেত নৃত্যে বেহালার সাউথ ওয়েভস ডান্স গ্রুপের পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে। সারেগামাপা চ্যাম্পিয়ন আয়ুষ গুপ্তার সংগীত পরিবেশনায় অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মেধাবী পড়ুয়াদের উৎসাহিত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান শেষে সমাপ্তি ঘোষণা করেন পুলক মজুমদার। বিজয়ার আনন্দঘন আবহে সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও সহমর্মিতার বার্তাই উঠে আসে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ