জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ : একটি পরিবেশ পত্রিকা
দীপাঞ্জন দে: ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ (Bio-diversity Conservation News Letter) হল বাংলা ভাষায় প্রকাশিত একটি ত্রৈমাসিক পরিবেশ পত্রিকা। এটি গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির মুখপত্র হিসেবে ২০২০ সাল থেকে প্রকাশ পাচ্ছে। প্রথম বছরে করোনা আবহে এর চারটি সংখ্যা একসাথে (জানুয়ারি-ডিসেম্বর ২০২০) প্রকাশ পেয়েছিল। সরকারি বিধি নিষেধের জন্য পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। ১৭ জানুয়ারি ২০২১ (রবিবার) গোবরডাঙা গবেষণা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় ত্রৈমাসিক ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ প্রথম আত্মপ্রকাশ করে। গোবরডাঙা গবেষণা পরিষৎ এবং তেপুল মির্জাপুর পরিবেশ সুরক্ষা সমিতি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিশিষ্ট পরিবেশবিদ ড. দেবল দেব পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র প্রথম সংখ্যাটির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পত্রিকার প্রকাশক বরিষ্ঠ বিজ্ঞান প্রচারক দীপককুমার দাঁ। বিজ্ঞানী সৈকতকুমার বসু, কৃষিবিশেষজ্ঞ অনুপম পাল-সহ বহু বিশিষ্টজন সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বাস্তুতন্ত্র সুরক্ষায় কার্যকর অ্যাকশন কর্মসূচী নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। প্রধান আলোচক হিসেবে ছিলেন ড. দেবল দেব। দুটি পর্বে বিস্তারিতভাবে প্রকৃতি সংরক্ষণ বিষয়ে তিনি আলোচনা করেন। বিজ্ঞানী সৈকতকুমার বসু এবং কৃষিবিশেষজ্ঞ অনুপম পাল স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে নিজেদের যুক্ত হওয়া যে কতটা প্রয়োজনীয় সেকথা বুঝিয়ে বলেন। সঞ্চালক দীপককুমার দাঁ এলাকাভিত্তিক জীববৈচিত্র্য নথি তৈরির বিষয়ে আলোকপাত করেন। ‘কৃষ্ণনগর তথা নদিয়া জেলার সমসাময়িক পরিবেশ আন্দোলন’ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন রাখেন দীপাঞ্জন দে। সারাদিনব্যাপী আলোচনা, মতবিনিময় চলে। ‘পরিবেশ বিপন্নতার শিকার পৃথিবীর জীবকুল’ নামে একটি বইও সেদিন প্রকাশ পায়।
‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র দ্বিতীয় বর্ষে প্রথম ও দ্বিতীয় (যুগ্ম) সংখ্যা এবং তৃতীয় ও চতুর্থ (যুগ্ম) সংখ্যা হিসেবে প্রকাশ পায়। ২০২২ সালে এই পত্রিকা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। তৃতীয় বর্ষে এই পত্রিকার একটি যুগ্ম সংখ্যা এবং একটি একক সংখ্যা এপর্যন্ত প্রকাশ পেয়েছে। তৃতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় (যুগ্ম) সংখ্যা (জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন ২০২২) কৃষ্ণনগরের গ্রেস কটেজে আয়োজিত প্রথম পরিবেশ মেলায় ১৩ ফেব্রুয়ারি ২০২২ প্রকাশিত হয়। আর ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র তৃতীয় বর্ষের তৃতীয় সংখ্যাটি (জুলাই-সেপ্টেম্বর ২০২২) বিশ্ব পরিবেশ দিবসে ৫ জুন ২০২২ — রানাঘাট পৌরসভায় আয়োজিত নদিয়া পরিবেশ মঞ্চের দ্বিতীয় পরিবেশ মেলায় প্রকাশিত হয়। ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র প্রকাশক হলেন দীপককুমার দাঁ, গোবরডাঙা গবেষণা পরিষৎ। পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের অধ্যাপক অশোককান্তি সান্যাল। পত্রিকার উপদেষ্টামণ্ডলী এবং সম্পাদকমণ্ডলীতে বহু গুণী মানুষ রয়েছেন।
বর্তমানে এই পত্রিকার উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন— মৃদুল শ্রীমানী, ড. সব্যসাচী চট্টোপাধ্যায়, কালীপদ সরকার, ড. শঙ্কর বন্দ্যোপাধ্যায়, ড. সূর্য্যন্দু দে, ড. অনুপম পাল, ড. শতাব্দী দাশ, শৈলেন চণ্ডী, দিব্যেন্দু বিশ্বাস, নন্দদুলাল বসু, ড. সুনীল বিশ্বাস, ড. সৈকত বসু, সুকুমার মিত্র, শাশ্বতী রায়, ড. অনির্বাণ রায়, সোমনাথ দাস অধিকারী, রবীন ব্যানার্জি, ড. কৃষ্ণেন্দু আচার্য, ড. অর্ণব বন্দ্যোপাধ্যায়, শুভ্রদীপ দে, শ্যামল পাল, প্রভুদান হালদার, ড. অনিলকুমার সরকার, সুব্রত বিশ্বাস এবং গার্গী সেনগুপ্ত। আর পত্রিকার সম্পাদকমণ্ডলীতে রয়েছেন— জয়দেব সমাদ্দার, জয়দেব দে, বিক্রম মিত্র, বিশ্বজিৎ ঘোষ, চন্দ্রকান্ত দত্ত, শ্রীকান্ত চক্রবর্তী এবং রাজা রাউত। পত্রিকার যুগ্ম সম্পাদক মৃণাল বিশ্বাস ও তন্ময় ধর। অফিস সহায়ক হিসেবে রয়েছেন অর্ণব কুণ্ডু, দুলাল বর্মন। পত্রিকায় প্রধান সম্পাদকের পদ অলংকৃত করছেন প্রাণীবিজ্ঞানী সিদ্ধার্থনারায়ণ জোয়ারদার। আর পত্রিকার সম্পাদক দীপাঞ্জন দে। বাংলা ভাষায় প্রকাশিত পরিবেশ পত্রিকা হিসেবে ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ ক্রমান্বয়ে নিজের স্বতন্ত্র একটি জায়গা তৈরি করছে। ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-য় পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ, প্রতিবেদন, কবিতার পাশাপাশি পরিবেশের বিভিন্ন টুকরো খবরও থাকে, যেগুলি অনেককে আকৃষ্ট করে। ছবিসহ পরিবেশের বিভিন্ন বিষয়ের পাঠ নেওয়ার সুযোগ হয় বলে ছোটদেরও বিশেষ পছন্দের। ৪৮ পাতার পত্রিকায় পরিবেশের বিচিত্র সব জীববৈচিত্র্যর ছবি ছাপা হয়। ক্রমশ পরিবেশকর্মী, বিজ্ঞানকর্মী এবং পাঠকদের পাশাপাশি জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা শিক্ষার্থীদের মধ্যেও বিশেষ জায়গা করে নিচ্ছে। পরিবেশের এই বিপন্নতার সময় এই ধরনের পরিবেশ পত্রিকার গুরুত্ব আমাদের অনুধাবন করে নিতে হবে।
*লেখক: সম্পাদক, ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’।*

