২৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে ভারত পাকিস্তানের সংঘর্ষ থামিয়েছিলাম ফের বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
বাংলার জনরব ডেস্ক : অপারেশন সিন্দুরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের রাষ্ট্রনায়ক কে রীতিমতো হুমকি দিয়েছিলেন বলে ফের দাবি করলেন। তিনি বলেছেন দুই দেশের সংঘর্ষ থামানোর জন্য তিনি হুমকি দিয়ে বলেছিলেন যদি সংঘর্ষ না থামানো হয় তাহলে ২৫০ শতাংশ শুল্ক চাপানো হবে।
ট্রাম্প শুক্রবার ফ্লরিডার একটি নির্বাচনী সমাবেশে বলেন, ‘‘আমি ভারত ও পাকিস্তানের নেতাদের সতর্ক করে বলেছিলাম— তাঁরা যদি লড়াই বন্ধ না করেন, তবে আমেরিকার সঙ্গে কোনও বাণিজ্য করতে পারবেন না এবং তাঁদের উপর ২৫০ শতাংশ শুল্ক চাপানো হবে।’’ তাঁর ওই হুমকির মুখেই নরেন্দ্র মোদী, শাহবাজ় শরিফেরা সংঘর্ষে ইতি টানতে সম্মত হন বলে ট্রাম্প দাবি করেন।
এ ছাড়া ২০২৫ সালের ৭-১০ মে-র সামরিক সংঘাতে ১১টি বিমান ধ্বংস হয়েছিল বলেও ফের দাবি করেন ট্রাম্প। প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ২০২৫ সালের ৭ মে ভারতীয় বায়ুসেনা পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভূখণ্ডে ‘অপারেশন সিঁদুর’ চালায়। তার পরেই সংঘর্ষে জড়ায় দু’দেশ। যদিও দিন তিনেকের মধ্যেই নয়াদিল্লি ও ইসলামাবাদ সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেয়। তখন থেকেই ট্রাম্প দাবি করে আসছেন যে, তিনিই সংঘর্ষ বন্ধ করিয়েছেন! যদিও নয়াদিল্লি কখনওই ট্রাম্পের সেই দাবিকে মান্যতা দেয়নি। কিন্তু ইসলামাবাদের তরফে মধ্যস্থকারী হিসেবে ট্রাম্পের ভূমিকার কথা খোলাখুলি স্বীকার করা হয়েছে।
১০ মে ২০২৫-এ ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানিয়েছিলেন, পাকিস্তানের ডিজিএমও-র তরফে ভারতীয় ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করে সংঘর্ষবিরতির অনুরোধ করা হয়েছিল। এর পরে দুই দেশের মধ্যে স্থল, আকাশ ও সমুদ্রে সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে সমঝোতা হয়।
অন্য দিকে, ১০ মে ২০২৫-এ মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োও জানিয়েছিলেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তিনি ভারত এবং পাকিস্তানের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অর্থাৎ, মার্কিন কূটনৈতিক যোগাযোগের তথ্য রয়েছে, কিন্তু সেই যোগাযোগ হয়েছিল বলেই ২৫০ শতাংশ শুল্কের হুমকি সংঘর্ষবিরতির নির্ণায়ক কারণ ছিল— এ কথা প্রমাণিত হয় না।
গত বছর দক্ষিণ কোরিয়ায় গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছিলেন সেই সময়। ট্রাম্প বলেন, ‘‘আমি বলেছিলাম, আমি কিন্তু দু’দেশের উপরেই ২৫০ শতাংশ শুল্ক চাপাব। তার মানে ওরা আর কখনও বাণিজ্য করতে পারবে না।’’ শুক্রবার ফ্লরিডায় মধ্যবর্তী নির্বাচনের প্রচারসভায় প্রবীণ রিপাবলিকান নেতার মন্তব্য— “আমি বলেছিলাম, ‘বন্ধুরা, তোমরা যদি এমনটা করতে যাও, তাহলে আমেরিকার সঙ্গে তোমরা আর ব্যবসা করতে পারবে না। আমি তোমাদের দু’জনের উপরই বিশাল শুল্ক আরোপ করব— ২৫০ শতাংশ, যাতে তোমরা কোনও ব্যবসাই করতে না পারো। আর তাতেই কাজ হয়েছিল।’’

