জ্ঞানচর্চাই পারে মানবজীবনের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার করতে
বিশেষ প্রতিনিধি : অনুসন্ধান সোসাইটির উদ্যোগে এ বছরের শিক্ষক দিবস-এর আলোচনার অভিমুখ প্রথম থেকেই ছিল একটু ভিন্ন ধরনের। অনলাইনে হলেও বর্ষিয়ান অধ্যাপক শ্রীরামপুর কলেজের জুলজি ডিপার্টমেন্টের এককালের দিকপাল শিক্ষক ডক্টর নীতিশ বিশ্বাস এদিন সমর বাগচী স্মৃতি অনুসন্ধান শিক্ষা সম্মাননা গ্রহণ করে আপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর জীবনে ছাত্র-শিক্ষকের মধুর সম্পর্কের বেশ কিছু ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, প্রকৃত শিক্ষককে কখনোই একজন ছাত্র অমর্যাদা করতে পারে না। ছাত্র সম্পর্কে এই ভরসা প্রত্যেক শিক্ষকের হৃদয়ে গ্রথিত থাকা প্রয়োজন।
শিক্ষক দিবসের এদিনের আয়োজনে স্বাগত ভাষণ দেন বিশিষ্ট শিক্ষক ও অনুসন্ধান সোসাইটির সহ-সভাপতি ড. শশাঙ্ক শেখর মন্ডল। এদিনের সভায় প্রধান অতিথি ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিশিষ্ট অধ্যাপক বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম। আগামী দিনের শিক্ষা ভাবনা সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেন, যে পরিমাণে প্রযুক্তি ও তথ্যের বিপ্লব হচ্ছে তা সত্যিই শিক্ষকদের কাছে এক বড় চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জ তখনই নেওয়া সম্ভব যখন আমরা আমাদের জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করব। বই পড়া আমাদের অনেক বেশি প্রয়োজন। কারণ বই পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে নানা রকমের কৌতূহল, প্রশ্ন, কল্পনাশক্তি উত্থাপিত হয়। প্রকৃত জ্ঞান লাভের জন্য এগুলোই মূল বিষয়। ১৯৯৫ সালে অধ্যাপক ইসলাম দৈনিক এক পত্রিকায় কাল্পনিক ডিজিটাল ক্লাস নিয়ে একটি লেখনী লেখেন, যা অন্তত আড়াই দশক পর বিগত কোভিড কালে বাস্তবায়িত হয়। সেদিনের সেই কল্পকাহিনির কথা তিনি এদিনে সভায় উল্লেখ করেন। অধ্যাপক ইসলাম বর্তমান সময়ের তরুণ শিক্ষকদের উদ্দেশে বলেন, ছাত্র-ছাত্রীদের হোমওয়ার্কের বোঝা না রেখে তাদের সঙ্গে ক্লাসে বেশি-বেশি জ্ঞানের আদান-প্রদান করাটাই বুদ্ধিমানের কাজ। ইন্টার অ্যাক্টিভ ক্লাসের মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রিটিকাল থিংকিং তৈরি করা সম্ভব।
অনলাইনে শিক্ষক দিবসের এদিনের সভায় পৌরোহিত্য করেন অনুসন্ধান সোসাইটির সভাপতি দিব্য গোপাল ঘটক। তিনি সংক্ষিপ্ত ভাষণে বলেন, ভারতীয় ভাববাদী দর্শন যা চিরকালই বিশ্বকে পথ দেখিয়েছে। তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, আগামী দিনের শিক্ষকরা তা আবারো প্রমাণ করবেন।
শিক্ষক দিবস উপলক্ষে অনুসন্ধান সোসাইটি আয়োজিত অনলাইনে প্রবন্ধ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে এদিন পুরস্কৃত করা হয় রাজর্ষি দাস, আশা মুখার্জী, সৃজা বেরা, অনিক সাও, জেসমিন সরদার ও বাবলি মন্ডলকে। অনুসন্ধান সোসাইটি আয়োজিত শিক্ষক দিবসের সুন্দর এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শুভজিৎ মাইতি।

