দেশ 

আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মাথার চুল কেটে প্রকাশ্যে হেনস্থা! রাজস্থানে গ্রেফতার স্বামী-সহ ৭

শেয়ার করুন

রাজস্থানের বাঁশওয়াড়া জেলায় চারিত্রিক দোষের অপবাদে এক আদিবাসী মহিলাকে প্রকাশ্য রাস্তায় মারধর, বিবস্ত্র করা এবং মাথা কামিয়ে ফেলার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মূল অভিযুক্ত স্বামী-সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বাঁশওয়াড়া জেলার অর্থুনা থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর বয়সী নির্যাতিতা মহিলা পেশায় পরিযায়ী শ্রমিক। কাজের সন্ধানে তিনি প্রায়ই প্রতিবেশী রাজ্যে যেতেন। ১০ দিন আগে এক ঠিকাদারের মাধ্যমে কাজ পান এবং প্রতিবেশী রাজ্যে পাড়ি দেন তিনি। পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা কাজের সূত্রে বাড়ির বাইরে পা রাখলেই তাঁর স্বামী তাঁকে সন্দেহ করতেন। ১ সেপ্টেম্বর তাঁর পরিবারের সদস্যেরা জোর করে বাড়ি ফিরিয়ে আনেন। এর পর গোটা গ্রামের সামনে তাঁকে হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ।

প্রথমে মহিলাকে জোর করে গ্রামের রাস্তার উপর খালি পায়ে হাঁটানো হয়। তার পর কয়েকজন প্রতিবেশী মহিলা একজোট হয়ে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এমনকি তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। স্থানীয় কয়েকজন বিষয়টি দেখলেও হস্তক্ষেপ করেননি। বরং তাঁরা ঘটনাটি মোবাইল ফোনের ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত ছিলেন।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই পুলিশি তৎপরতা বাড়ে। বাঁশওয়াড়ার ডেপুটি পুলিশ সুপার বাবুলাল রেগর জানান, “১ সেপ্টেম্বরই অর্থুনা থানায় এফআইআর দায়ের করা হয়েছিল, যদিও ভিডিয়োটি ৩ সেপ্টেম্বর সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েনের কারণেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। অভিযুক্ত স্বামী এবং তাঁর ছয় আত্মীয়কে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।”

অর্থুনা থানার আধিকারিক বিনোদ কুমার মীনা জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারা— যেমন, শ্লীলতাহানি, বিবস্ত্র করার উদ্দেশ্যে আক্রমণ, হেনস্থা, বেআইনি জমায়েত, স্বেচ্ছায় আঘাত করা এবং তথ্যপ্রযুক্তি আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং ধৃত সাত জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, “এই ঘটনা রাজস্থানের জন্য লজ্জার। এই ঘটনায় বোঝা যায়, সরকারের নারীসুরক্ষা ও ‘বেটি বাঁচাও’ দাবি আসলে ভাঁওতা”।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ