দেশ 

কেন্দ্র দাবি মেনে নিয়েছে ৫ সেপ্টেম্বর দিল্লিতে মিছিল করবে না সিজেপি!

শেয়ার করুন

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ মিছিল করবে না বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানিয়ে দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শীর্ষ আদালতে কেন্দ্র এবং চার রাজ্যের সরকার আশ্বস্ত করেছে, নিট-কাণ্ডে দিল্লি এবং দেশের অন্য জায়গায় আন্দোলনের সময় কয়েক জন প্রতিবাদীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। তার পরেই দিল্লিতে মিছিল বাতিল করার সিদ্ধান্ত মঙ্গলবার আদালতে জানায় সিজেপি।

সিজেপি অভিযোগ করেছিল, নিট-কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করা হচ্ছে না। এমনকি, এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতিও তারা রাখেনি। সেই কারণে ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় সিজেপি। ঘটনাচক্রে, সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ। নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ অংশগ্রহণকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর খারিজের আর্জি জানায় তারা। দিল্লি পুলিশ জানায়, সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআর বাতিল করুক।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে নিজেদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করল আরশোলারা। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘‘ভারত সরকার ইতিবাচক আশ্বাস দিয়েছে। তাই সিজেপি মনে করছে ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা উচিত।’’ তার পরেই প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘উভয় পক্ষই ভাল আচরণ করলে সব কিছুরই সমাধান সম্ভব।’’

মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ২৫ জুলাই কেন্দ্রীয় সরকার এবং সিজেপির মধ্যে কী আলোচনা হয়েছিল, তা নিয়ে আদালতকে বিস্তারিত তথ্য দেন তিনি। তার পরেই তিনি দিল্লি পুলিশের আবেদনের কথা উল্লেখ করেন। আবেদনে দিল্লি পুলিশ জানিয়েছে, অতীতে অপরাধের মামলা রয়েছে এমন ২,৮৭৩ আন্দোলনকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর করা হবে। মেহতা এ-ও জানিয়েছেন, প্রতিশ্রুতি রেখে পশ্চিমবঙ্গ, বিহার, অসম, মহারাষ্ট্র আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে। তার পরেই সিজেপির সৌরভ নিজেদের সিদ্ধান্তের কথা জানান।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ