খেলার ছলে ইংরেজি শিক্ষা, সন্তোষপুরে খুদে পড়ুয়াদের আনন্দের আসর
বিশেষ প্রতিনিধি : গল্পের মাধ্যমে ছোট ছোট ইংরেজি শব্দ ব্যবহার করে অত্যন্ত আনন্দময় পদ্ধতিতে শিশুদের ইংরেজি শেখানোর এক অভিনব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হলো দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরে। আজ সকাল থেকেই কলকাতা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সমবেত হয়েছিল তৃতীয় শ্রেণির এক ঝাঁক খুদে পড়ুয়া। অত্যন্ত উৎসাহের সঙ্গে এই বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।এদিনের কর্মসূচিতে বিশিষ্ট প্রশিক্ষক সুস্মিতা ঘটক বিভিন্ন শিক্ষামূলক অ্যাক্টিভিটির মাধ্যমে সহজ থেকে কঠিনতর শব্দ সহজে আয়ত্ত করার কৌশল হাতে-কলমে দেখান। তাঁর চমৎকার উপস্থাপন শৈলীতে মুগ্ধ হয়ে খুদে পড়ুয়ারা সম্পূর্ণ বিষয়টি আনন্দের সাথে বুঝে নেয়। বিশেষ করে ‘ছবির সঙ্গে ক্যাপশন মেলাও এবং তা থেকে কী বুঝলে তা লিখে দেখাও’—এই কার্যক্রমে শিশুরা অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশ নেয় এবং সারাটা দিন মজায় কাটায়।
দিনের দ্বিতীয় পর্বে, কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারাও ডেমো ক্লাস পরিবেশন করেন। তাঁরা শিশুদের প্রকৃতির গুরুত্ব বুঝিয়ে ‘প্রকৃতি পাঠ’ দেন। প্রকৃতি কীভাবে আমাদের বাঁচিয়ে রেখেছে, তার পাশাপাশি ঝড়-ঝঞ্ঝা বা বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের নানা দিক নিয়েও তাঁরা বিশদ আলোচনা করেন। এদিনের এই সফল ও শিক্ষণীয় কর্মশালায় পৌরোহিত্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ অনুসন্ধান সোসাইটির সভাপতি দিব্য গোপাল ঘটক। কলকাতা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর সম্পাদক আলমগীর ফকির উপস্থিত সকলকে বিশেষভাবে উৎসাহিত করেন এবং আশা প্রকাশ করেন, এই আনন্দময় শিক্ষা পদ্ধতি আগামী দিনে শিশুদের ইংরেজি ভীতি দূর করতে বড় ভূমিকা নেবে। অনুসন্ধান সোসাইটির এই সুগভীর পরিকল্পনাকে তিনি স্বাগত জানিয়ে বলেন, শিশুর সার্বিক বিকাশের এই পরিকল্পনা রূপায়ণে একযোগে সকলের ঝাঁপিয়ে পড়া প্রয়োজন। উৎকর্ষ শিক্ষার অন্বেষণে এই কাজে অংশগ্রহণকারী সকলকে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

