কলকাতা 

মুর্শিদাবাদের দুর্ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন

মুর্শিদাবাদের দুর্ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। কোনও দোষী ছাড় পাবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। অন্য দিকে, শুক্রবারের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। যদিও রেলের তরফে দুই শিশু-সহ তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতদের পরিচয়ও প্রকাশ্যে এনেছে রেল।

মুর্শিদাবাদের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারের প্রতি। সমাজমাধ্যমের পোস্টে তিনি লেখেন, ‘‘এই শোক লাঘব করার কোনও ভাষা নেই। আহত এবং মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে সরকারের তরফে। আমি এ ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। জেলাশাসক এবং পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন। গোটা বিষয় তদারকি করছেন। নজর রেখেছেন উদ্ধারকাজে।’’

রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে গিয়েছেন। আহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের যাতে সব রকম চিকিৎসার বন্দোবস্ত করা হয়, তা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগত ভাবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।

তার পরেই গাফিলতির অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সমাজমাধ্যমে তাঁর পোস্ট, “এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমি কথা দিচ্ছি, যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’’ তিনি জানান, সরকার ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে সব রকম ভাবে থাকবে। আর্থিক সাহায্যের কথাও জানিয়েছেন তিনি। তবে কত কী, তা বিস্তারিত এখনই জানাতে চাননি শুভেন্দু।

শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার স্কুলপড়ুয়া-সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহত পাঁচ জন। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ন’বছরের জেসিকা ইয়াসমিন এবং বছর ছয়েকের ফারহানা সুলতানা। এ ছাড়াও জামশেদ আলি নামে বছর পঁয়ষট্টির এক বৃদ্ধেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার শচীন মক্কর যদিও জানিয়েছেন, মৃতের সংখ্যা পাঁচ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ