ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত! দাবি ট্রাম্পের, এখনো কিছু হয়নি বলল ইরান
ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহান্তেই এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেও দাবি করেছেন তিনি। ইরানের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা না-হলেও সে দেশের আধা সরকারি সংবাদসংস্থা ‘ফার্স নিউজ়’ জানিয়েছে, চুক্তিপত্রের খসড়া এখনও চূড়ান্ত করেনি তেহরান।
ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে, ইরানে নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসছেন তিনি। ইরানে বোমা হামলার হুমকির পাশাপাশি সে দেশে তেল রফতানির কেন্দ্রস্থল খার্গ দ্বীপ দখলের ইচ্ছা প্রকাশও করেছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় (ভারতীয় সময় অনুসারে) ইরানে হামলা ও বোমাবর্ষণের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “আমরা ইরান যুদ্ধ নিয়ে দারুণ একটা বোঝাপড়া করে ফেলেছি। আমরা (চুক্তি) স্বাক্ষর করলেই আনুষ্ঠানিক ভাবে হরমুজ় প্রণালী খুলে যাবে। চুক্তি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হতে পারে। হয়তো সপ্তাহের শেষেই ইউরোপে হয়ে যেতে পারে।” পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প জানান, আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কানে পৌঁছেছে এবং তাঁরা বোঝাপড়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন। ট্রাম্প এ-ও জানিয়েছেন যে, আমেরিকা এবং ইরানের মধ্যে বোঝাপড়ার বিষয়টি মেনে নিয়েছে ইজ়রায়েল, সৌদি আরব, কাতার, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, বাহরিন, জর্ডন এবং মিশর।
ইরানের ‘ফার্স নিউজ়’ সংবাদসংস্থার উপর সে দেশের সেনাবাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ডের বিশেষ প্রভাব রয়েছে। তাদের দাবি, সম্ভাব্য চুক্তির যে খসড়া, তা এখনও চূড়ান্ত করেনি ইরান। ট্রাম্প দাবি করেছেন, হরমুজ় প্রণালীতে অবাধে জাহাজ চলাচল করতে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইরান। চুক্তির অন্যতম শর্ত হিসাবে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ৬০ দিন ধরে বোঝাপড়া করতে রাজি হয়েছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। এই পরিস্থিতিতে সুনির্দিষ্ট কোনও শর্তের কথা না-বললেও ইরানের আধা সরকারি সংবাদসংস্থার পাল্টা দাবি, চুক্তির খসড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি তেহরান।
ইরানের আর এক সংবাদসংস্থা ‘তাসনিম নিউজ়’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে ইরানই। এর আগেও ট্রাম্প একপাক্ষিক ভাবে নিজের সিদ্ধান্ত ইরানের উপর চাপিয়ে দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই এই প্রসঙ্গে বলেন, “(চুক্তিপত্রে) অধিকাংশ বিষয়ই চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু আমেরিকানরা বার বার অবস্থান বদলাচ্ছেন।” ইরান নির্দিষ্ট সীমার বাইরে বেরিয়ে কোনও আপসরফায় যাবে না বলেও জানিয়েছেন তিনি।

