বিজেপির সঙ্গে আসন সমঝোতা না হলে উত্তরপ্রদেশের সব আসনে প্রার্থী দেবে এলজেপি! দাবি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগের
কেন্দ্রীয় মন্ত্রী এবং লোক জনশক্তি পার্টি রামবিলাস (এলজেপিআর)-এর প্রধান চিরাগ পাসোয়ান জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গে আসন রফা না হলে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে সব আসনেই প্রার্থী দেবে তাঁর দল। তাৎপর্যপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে গিয়ে বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন তিনি।
চিরাগ বলেন, ‘‘কেন্দ্রে এবং বিহারে বিজেপির সঙ্গে আমাদের জোট রয়েছে। উত্তরপ্রদেশেও জোটবদ্ধ হয়ে এনডিএ-র শরিক হিসেবে লড়াই করতেই আমরা আগ্রহী। কিন্তু যদি আসন রফা না হয়, তা হলে আলাদা ভাবে ৪০৩টি আসনেই লড়তে আমরা প্রস্তুত।’’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর সম্পর্ক ‘অত্যন্ত ভাল’ বলে জানিয়েছেন চিরাগ। কিন্তু সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘২০২৩ সালে নাগাল্যান্ডে বিধানসভা ভোটে আমাদের একটিও আসন ছাড়া হয়নি। নিজেদের শক্তিতে লড়ে আমরা কিন্তু দু’টি কেন্দ্রে জিতেছিলাম।’’
বিজেপির শীর্ষনেতৃত্বের তরফে এখনও উত্তরপ্রদেশের ভোটে চিরাগের সঙ্গে সমঝোতার কোনও বার্তা দেওয়া হয়নি। তবে বিহার ঘেঁষা জেলাগুলিতে দলিত বিশেষত জাটভ ও পাসি ভোটারদের মধ্যে লোক জনশক্তি পার্টির কিছু প্রভাব রয়েছে। তবে পূর্ব উত্তরপ্রদেশের ওই অঞ্চলে সক্রিয় সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি)-র প্রতিষ্ঠাতা-প্রধান তথা যোগী মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভর সম্প্রতি বলেছেন, ‘‘উত্তরপ্রদেশে চিরাগের জন্য কোনও জায়গা নেই।’’ প্রসঙ্গত, লালুপ্রসাদ যাদব-নীতীশ কুমারের সমসাময়িক হলেও বরাবরই জাতীয় রাজনীতিতে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন চিরাগের পিতা প্রয়াত রামবিলাস পাসোয়ান। বাকি দু’জন যখন রাজ্য-রাজনীতিতে ক্ষমতা দখলের জন্য সক্রিয়, তখন রামবিলাস বার বার জোট বদলে কেন্দ্রীয় মন্ত্রিত্বেই মনোনিবেশ করেছেন। কিন্তু অতীতে রামবিলাস এনডিএ বা ইউপিএ মন্ত্রিসভার সদস্য থাকাকালীনও বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাঁর গড়া এলজেপি। চিরাগও সেই ধারা বজায় রাখতে সক্রিয়।

