দুর্ঘটনাগ্রস্ত স্কুটির আহত চালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত ৭
ঝাড়খণ্ডের খুন্তি জেলার কাররা থানা এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয় একটি স্কুটি। আহত চালককে সাহায্য করতে, কৌতূহলে ভিড় জমেছিল রাস্তায়। তখনই ওই পথ দিয়ে যাওয়া একটি বেপরোয়া গতির ১৮ চাকার ট্রাক পিষে দেয় একদল মানুষকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে খুন্তি জেলার কারা-তোর্পা সড়কের জোন-লুদ্রু মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রাকটি তোর্পার দিক থেকে এসেছিল। কাররা রেল স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারান চালাক। প্রথম একটি কালভার্টে ধাক্কা মারার পর সেটি রাস্তায় জড়ো হওয়া ভিড়কে পিষে দেয়। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুয়ায়ী, রাত সাড়ে ৯টা নাগাদ একটি স্কুটি দুর্ঘটনাগ্রস্ত হয় ওই রাস্তায়। তীব্র শব্দ পেয়ে স্থানীয়রা জড়ো হয়েছিলেন ঘটনাস্থলে। সেটাই কাল হয়। এরপরেই ১৮ চাকার বেপরোয়া ট্রাকটি পিষে দেয় ভিড়কে।
এর জের ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, জীবিত আহতদের মধ্যেও একটি শিশুও রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

