ভুয়ো ডাক্তার ধরতে চিকিৎসকদের নথি যাচাই করবে সরকার জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ভুয়ো ডাক্তারকাণ্ডের সূত্র ধরে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত সকল চিকিৎসকের নথি যাচাই করা হবে। স্বাস্থ্য ভবনে শুক্রবার এ কথাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যে প্রায় এক লক্ষ ১০ হাজার চিকিৎসকের নাম কাউন্সিলে নথিভুক্ত রয়েছে। তাঁরা নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে মান্যতাপত্র পেয়েছিলেন, সেগুলিই যাচাই করা হবে। তবে সেই নিয়ে কাউকে বিব্রত করা হবে না।
‘ভুয়ো’ ডাক্তারি ডিগ্রির অভিযোগের জল গড়িয়েছে থানা পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, প্রাক্তন রেজিস্ট্রার, বিধায়ক-সদস্যের পাশাপাশি কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে আবার কড়া পদক্ষেপের বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
শারদ্বত জানিয়েছেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে স্বাস্থ্য দফতর বৈঠক করেছে। রাজ্যে প্রায় এক লক্ষ ১০ হাজার ডাক্তারের নাম কাউন্সিলে নথিভুক্ত রয়েছে। সেই চিকিৎসকদের ‘রিভ্যালিডেশন’ করা হচ্ছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত নথিভুক্তদের মধ্যে এক লক্ষ ১০ হাজার চিকিৎসকের নথি যাচাই করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘‘বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মান্যতাপত্র আবার যাচাই করা হবে। কেওয়াইডি (নো ইওর ডক্টর) হবে।’’ দু’টি উপায়ে তা করা হবে বলে জানিয়েছেন শারদ্বত। এক, চিকিৎসকেরা এসে নিজের নথি দেখাতে পারেন। যাঁরা তা পারবেন না (বয়স, অসুস্থতা বা দূরত্বের কারণে), তাঁদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে। এই জন্য রাজ্য সরকার বেসরকারি সংস্থার দ্বারস্থ হবে।
তবে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, কাউকে বিব্রত করা হবে না। তিনি জানিয়েছেন, যে সকল চিকিৎসক মৃত বা বিদেশে চলে গিয়েছেন বা দেশে রয়েছেন, কিন্তু আর চিকিৎসা করেন না, তাঁদের নামও কাউন্সিলের নথিভুক্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্য মেডিক্যাল কাউন্সিল কিছু নথিভুক্তিকরণ শংসাপত্র দেয়। তার নীচে লেখা থাকে, সেই শংসাপত্র কত দিন পর্যন্ত বৈধ। স্বাস্থ্যমন্ত্রী জানান, সেই বিষয়টি কেন লেখা হয়, সঙ্গত কারণে তার ‘আইনি মান্যতা’ খুঁজে পাওয়া যায়নি। শারদ্বতের কথায়, ‘‘যা-ই লেখা থাকুক, যতক্ষণ না নতুন নির্দেশিকা দিচ্ছি, সব রেজিস্ট্রেশন বৈধ থাকছে।’’ তবে তা এ বার যাচাইয়ের কাজ শুরু হবে।

