কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা!
কালীপুজো ও ভাইফোঁটায় উত্তর এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আগামী রবিবার কালীপুজো, বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। নতুন করে উৎসবের আমেজে মেতে উঠেছেন মানুষ। কিন্তু উৎসবের মরসুমেও বেশ কিছু জেলায় বৃষ্টির ভ্রুকুটি থেকে যাচ্ছে। যদিও বড় কোনও দুর্যোগের সম্ভাবনা এখন নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন মোটের উপর আবহাওয়া শুকনোই থাকবে। সোমবার থেকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে। তবে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। রবিবার কালীপুজোয় বৃষ্টি হবে না।
উত্তরবঙ্গেও আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। আলাদা করে কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। তবে মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার।

