কলকাতা 

বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ, পুরসভার অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করলেন অরূপ চক্রবর্তী!

শেয়ার করুন

কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। সুশান্তের সঙ্গে ছিলেন তৃণমূলের আর এক কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তাঁকেও পুর কমিশনারের ঘরে যেতে দেখা যায়। তিনিও পুরসভার পদ থেকে ইস্তফা দেন।

বুধবার দুপুরে সুশান্ত এবং অরূপকে প্রায় এক সঙ্গেই পুরসভায় আসতে দেখা যায়। কী কারণে তাঁরা হঠাৎ পুরসভায় তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে পরে জানা যায়, বরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে এসেছেন সুশান্ত। এ ছাড়া, পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন অরূপ। পরে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে গিয়েও পদত্যাগপত্র জমা দেন দু’জনে। সুশান্ত ১০৮ নম্বর এবং অরূপ ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুরসভার পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর পদ যে তাঁরা ছাড়ছেন না সে কথা দু’জনেই জানিয়ে দিয়েছেন।

পরে সাংবাদিক বৈঠক করে অরূপ বলেন, ‘‘ভোটে এই ফল কাম্য ছিল না। তবে মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে। হার স্বীকার করতে না-পারলে আগের জয় মিথ্যা হয়ে যায়। দলের কর্মীরা এখন বিপদে। এত দিন যাঁরা মন্ত্রী ছিলেন, যাঁরা এত দিন সুবিধা নিয়েছিলেন, তাঁরা এখন কোথায়?’’ একই সুর শোনা যায় সুশান্তের গলাতেও। তাঁরা জানান, মানুষ চাইলে কাউন্সিলর পদও ছেড়ে দেব।

দিন কয়েক আগে একই পথে হাঁটেন কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তিনি ৯ নম্বর বরোর চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁর ইস্তফাপত্র প্রকাশ্যে এসেছিল। দেবলীনা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। তৃণমূল সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলের ভরাডুবির জেরেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা!


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ