ট্রাফিক আইন ভাঙার অভিযোগে পঞ্চমীর রাতেই ৩৩৪টি মামলা কলকাতায়! গ্রেফতার ২৮
দুর্গাপুজো ঘিরে শহরজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেউ ট্রাফিক আইন ভাঙছেন কি না, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি চলছে শহরের আনাচে-কানাচে। প্রতি বছরের মতো এ বারের দুর্গাপুজোর শুরুতেই ট্রাফিক আইন ভাঙার জন্য কয়েকশো মামলা হয়েছে। শুধু পঞ্চমীর রাতে ট্রাফিক-সংক্রান্ত মামলা হয়েছে ৩৩৪টি।
কলকাতা পুলিশের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পঞ্চমীর রাতে গোটা শহরে ট্রাফিক আইন ভাঙার জন্য কোন কোন ক্ষেত্রে কত মামলা হয়েছে, কত জনকে গ্রেফতার করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাইকে তিন জন সওয়ারি থাকায় ৩৫টি মামলা হয়েছে। বিনা হেলমেটে বাইক চালিয়ে ট্রাফিক আইন ভেঙেছেন ৯২ জন। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য অভিযুক্ত ৬৫ জন। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ উঠেছে ৬১ জনের বিরুদ্ধে। এ ছাড়াও আরও ৮১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাফিকের নিয়ম লঙ্ঘনের অভিযোগে। এ ছাড়াও পুলিশ জানিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘন-সহ বেশ কয়েকটি ঘটনায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মদ বাজেয়াপ্ত করা হয়েছে ৩.৬ লিটার।

