কলকাতা 

Academy of Fine Arts-এ আমানত স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান

শেয়ার করুন

কলকাতা, ১৬ অক্টোবর ২০২৬: আজ শুক্রবার কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো আমানত স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হয় মাওলানা আসাদুল হোসাইনের আরবি ভাষায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআনের বাংলা তর্জমা করেন জালালউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ, কো-অর্ডিনেটর জিয়ারুল লস্কর, কো-অর্ডিনেটর মাওলানা রাকিব মণ্ডল, ট্রেজারার সাহিদ হোসেন সিদ্দিকী, জনসেবা ক্রেডিট সোসাইটি লিমিটেড মাইক্রোফাইন্যান্সের প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ লাডলা, সমাজসেবী সালাউদ্দিন আহমেদ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ট্রাস্টের সদস্য এবং কৃতী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক যুগে ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষার সুযোগ এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জনসেবা ক্রেডিট সোসাইটি লিমিটেড মাইক্রোফাইন্যান্সের প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ লাডলা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা, স্বনির্ভরতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম তাঁর বক্তব্যে জানান, ১৯৮৮ সালে বায়তুজ জাকাত হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীকালে আমানত জাকাত মিশনের মাধ্যমে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট গত ৩৭ বছর ধরে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। তিনি এই উদ্যোগ সফল করতে সহযোগিতাকারী সকল অতিথি, প্রতিষ্ঠান ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও জাতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার অন্যতম মাধ্যম। সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা রয়েছে। এই বাধা অতিক্রম করতে আত্মবিশ্বাস, সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত অধ্যবসায় প্রয়োজন।”

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাঁর বক্তব্য উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অন্যদিকে, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের ট্রেজারার সাহিদ হোসেন সিদ্দিকী ট্রাস্টের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার পথ সুগম করার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্ধশতাধিক কৃতী, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর হাতে স্কলারশিপের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জালালউদ্দিন আহমেদ। সমাপনী পর্বে মৌলানা রাকিব মণ্ডল ভোট অব থ্যাঙ্কস প্রদান করে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, সহযোগী প্রতিষ্ঠান ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ