পুরীর পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনও, এপস্টেইন-বিল গেটস কথোপকথনে নাম! আরও বিপাকে মোদি সরকার
বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর পর প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নাম জড়াল এপস্টেইন ফাইলে।
এপস্টেইন কাণ্ডের সদ্য প্রকাশিত নথিতে হর্ষ বর্ধনের নাম রয়েছে। রিপোর্ট অনুযায়ী, মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে এপস্টেনের বার্তা বিনিময়ের সময়েই উঠে এসেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রসঙ্গ। গেটসের কাছে এপস্টেইন জানতে চেয়েছেন, “১৭ সেপ্টেম্বর কি ভারতে আপনার সঙ্গে হর্ষ বর্ধনের পূর্ব নির্ধারিত বৈঠক হচ্ছে?” এই বার্তা ভারতে রাজনৈতিক বিতর্কে আরও ইন্ধন জোগাতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে পুরীর নাম এপস্টিন ফাইলে থাকাকে কেন্দ্র করে সংসদে মোদি সরকারের উদ্দেশে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পুরীর দাবি, তাঁর সঙ্গে এপস্টেইনের যোগাযোগের সময়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না। তা ছাড়া তিনি নিজের উদ্যোগেও ওই যৌন অপরাধীর সঙ্গে যোগাযোগ করেননি।
সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ এপস্টেইন মামলার একগুচ্ছ নথি প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, ২০১৪ থেকে ২০১৫-এর মধ্যে পুরীর সঙ্গে এপস্টিনের ই-মেল চালাচালি হয়েছিল। ২০১৩ পর্যন্ত নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি হিসেবে কর্মরত পুরী সে সময় ‘ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট’-এ কাজ করতেন। মোদি ক্ষমতায় আসার পরে ২০১৭-তে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে ২০০৮-এ এপস্টিন দোষী সাব্যস্ত হওয়ার পরেও এ নিয়ে তাঁর মনে সংশয় ছিল বলে স্বীকার করেছেন প্রাক্তন আইএফএস পুরী।

