সৌরভ আশুতোষ এর গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার নতুন করে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক সিজেপির!
শুক্রবার দিল্লিতে নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজীত দিপকে। ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ অভিযানে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদেরও উদ্দেশেও বার্তা দিয়েছেন। দলের অন্য দুই নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি।
শুক্রবার, অর্থাৎ ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ অভিযানের নেতৃত্ব দেবেন দিপকে। বিকেল ৫টা নাগাদ জমায়েত হবে। ওই দিন ওই সময়ে দলে দলে কনট প্লেসে জড়ো হয়ে জাতীয় পতাকা ওড়ানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা।
দিল্লির যন্তর মন্তরকে সম্প্রতি নির্বাচিত প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যন্তর মন্তরে এখন জমায়েত বা যে কোনও ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ। ওই নির্দেশের পরেও মঙ্গলবার সৌরভ ও রাঙ্কার নেতৃত্বে সিজেপির কয়েক জন লোহার দরজা টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন এবং জাতীয় পতাকা ওড়াতে ওড়াতে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন। পুলিশ প্রথমে তাঁদের আটক করে। পরে দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। আদালত তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আপাতত রাঙ্কা, সৌরভের ঠিকানা তিহাড়।
একটি ভিডিয়োবার্তায় দিপকে বলেছেন, ‘‘আপনারা সকলে জানেন, সৌরভ আর আশুতোষকে শুধু দেশের জাতীয় পতাকা ওড়ানোর জন্য জেলে পাঠানো হয়েছে। সকল দেশভক্তদের কাছে আমার অনুরোধ, যাঁরা দেশকে এবং তেরঙা জাতীয় পতাকাকে ভালবাসেন, ১৬ অক্টোবর বিকেল ৫টায় সকলে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আসুন। সেখানে আমরা জাতীয় পতাকা ওড়াব। বলব, এটা কোনও অপরাধ নয়। যাঁরা আসতে পারবেন না, নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙা অভিযান’ বার করুন। এই স্বৈরাচারীদের দেখিয়ে দিন, তেরঙা আমাদের গর্ব। সেটা ওড়ানো অপরাধ হতে পারে না।’’ দিপকে জানিয়েছেন, এর পর তাঁকেও গ্রেফতার করা হতে পারে। তাঁর কথায়, ‘‘হয়তো এর পর আমাকেও গ্রেফতার করা হবে। আমি তা নিয়ে ভাবি না। জাতীয় পতাকা আমার গর্ব। আমি তা ওড়াবই।’’

