কলকাতা 

অবৈধ অস্ত্র কারখানা কলকাতার নাদিয়ালে!

শেয়ার করুন

কলকাতায় ঘরের মধ্যেই অবৈধ অস্ত্র তৈরির কারখানা! গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযান চালিয়ে একাধিক বন্দুক-পিস্তল, কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও, কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে হানা দিয়ে এই অস্ত্র কারবারের হদিস পাওয়া যায়। যদিও এসটিএফের অভিযানের আগেই ওই বাড়ি ছেড়ে পালান মালিক। অভিযোগ, তিনিই নাকি বাড়ির মধ্যে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিলেন। এই অভিযানে, দু’টি ৭ এমএম বন্দুক, দু’টি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং কার্তুজও পাওয়া গিয়েছে বলে খবর।

নাদিয়াল থানায় অস্ত্র আইনের অধীনে মামলা রুজু করেছে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এসটিএফ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ