ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! পুজোয় এবার ভাসবে বাংলা!
শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে এখনও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে দুর্গাপুজোর আবহাওয়ায় প্রভাব পড়বে। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপরেখা সক্রিয় রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার অর্থাৎ মহালয়ায় একই পূর্বাভাস রয়েছে নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

