পড়াশুনার পাশাপাশি স্বাস্থ্যের প্রতি নজর রাখা একজন শিক্ষার্থী ও অভিভাবকের প্রধান দায়িত্ব : মমতাজ সংঘমিতা
বিশেষ প্রতিনিধি : পড়াশুনা শুধু করলেই হবে না পাশাপাশি স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে শিক্ষার্থী ও অভিভাবকদের। শিক্ষক মহাশয়রা যেমন শিক্ষা দিচ্ছেন একইভাবে তারা স্বাস্থ্য সম্পর্কেও অবহিত করার দায়িত্ব নিয়েছেন। তাদের সেই দায়িত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা অভিভাবকদের যেমন কর্তব্য একইভাবে শৃঙ্খলা পরায়ণ একজন শিক্ষার্থী হিসাবে সেটা মেনে নিতে হবে। আজ মঙ্গলবার কলকাতার মেটিয়াবুরুজের সাতঘরা হাই মাদ্রাসায় শিক্ষা স্বাস্থ্য বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে এ কথাগুলি বলেন কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপিকা বিশিষ্ট চিকিৎসক এবং প্রাক্তন সাংসদ ডা. মমতাজ সংঘমিতা।

মূলত মাদ্রাসার ছেলেমেয়েদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে এই সভার আয়োজন করে সাতঘরা হাই মাদ্রাসা কর্তৃপক্ষ। সভার সূচনাতেই মাদ্রাসার টিচার ইনচার্জ সেখ ইবাদুল ইসলাম আগত চিকিৎসক এবং প্রধান অতিথি মমতাজ সংঘমিতাকে স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে সংক্ষিপ্ত আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মমতাজ সংঘমিতা বলেন, শিক্ষাকে গ্রহণ করা প্রতিটি ছেলে মেয়ের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আমাদের ইসলাম ধর্ম শিক্ষার কথা বলেছে। তাই ছেলে মেয়ে সবাইকে সমান ভাবে শিক্ষা দিতে হবে। সেই সঙ্গে তিনি বর্তমান সময়ে বিভিন্ন রোগের বিষয় নিয়ে আলোচনা করেন একই সঙ্গে ছেলেমেয়েদের স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। তিনি রুবেলা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করেন এবং আয়রন ট্যাবলেট যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তা প্রতিটা ছেলেমেয়েকে খাওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা কমে গেলে শরীরের পক্ষে সেটা মারাত্মক রোগ হতে পারে। এর ফলে আগামী প্রজন্ম বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে সেজন্যেই এই ট্যাবলেট গুলো খাওয়া জরুরী। এদিনের সভায় এসএসকেএম হাসপাতাল থেকে এসেছিলেন ডাক্তার অরিত্র, ডাক্তার সঞ্জীদা খাতুন এবং একজন নার্স। অনুষ্ঠান শেষে দশম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এসএসকেএম থেকে আগত দুই চিকিৎসক।

এর আগে মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক মমতাজ সংঘমিতা, চিকিৎসক ডাক্তার অরিত্র, চিকিৎসক ডাক্তার সঞ্জীদা খাতুন এবং মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক সেখ নুর নবী।

এদিনের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং টিচার ইনচার্জ সেখ ইবাদুল ইসলাম। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক সেখ মনির উদ্দিন সাহেব। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি গোলাপ রহমান, সহ-সভাপতি শাহজাদী মেহতাব, শিক্ষক শেখ রহিম, শফিউল হক, খোদেজা খাতুন, মিনা সাবাহ, সমিরন জানা, তাহসিনা ইয়াসমিন, তমালি ঝা, চিরঞ্জিব কয়াল, আব্দুল মুকিত, হাসানুজ্জামান, অলিউর রহমান, শেখ জামশেদ আলী, শেখ হাবিবুর রহমান প্রমুখ।

