মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতে কেন ফিরহাদ হাকিম বরকর্তা জানেন কি?
বাংলার জনরব ডেস্ক : সম্প্রীতির এক অনন্য নজির তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ সাতই ডিসেম্বর বাগদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আবেশ বন্দ্যোপাধ্যায়ের অভিভাবক হিসাবে উপস্থিত থাকবেন অর্থাৎ বর কর্তা হবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বরের মায়ের ভূমিকায় থাকবেন ফিরত হাকিমের স্ত্রী ইসমাত হাকিম। আজ সোমবার বিধানসভায় এ কথা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন,”ভাইপোর বিয়ে উপলক্ষে পাহাড়ে যাচ্ছি। কেন যাচ্ছি জানেন? বাড়ির কোনও অনুষ্ঠানে যাই না। যেহেতু আমি রাজনীতিতে আছি, তাই। আমি যাচ্ছি একটাই কারণে। অনেকে ভাবে তো দার্জিলিং আলাদা। পাহাড়ের লোকেরা অনেক সময় বলেন। বাংলা থেকে দার্জিলিংকে আলাদা করার চক্রান্ত করে মাঝেমাঝে। ১০ বছর পরপর দার্জিলিংয়ে অশান্তি হয়। আমার ভাইপোর বিয়ে। সে নিজে ডাক্তার। বিয়ে করছে কার্শিয়ংয়ের পাহাড়ি মেয়েকে। আমি তাই পাহাড়ের সঙ্গে রক্তের মেলবন্ধন করার জন্য, হৃদয়ের মেলবন্ধন করার জন্য আমি যাচ্ছি। আর এই বিয়ের বরকর্তা ববি হাকিম। ও আমার ভাইপোর ভিক্ষা বাবা, ওর স্ত্রী ভিক্ষা মা। এটাই হচ্ছে আমরা, আমরা সকলে। আমাদের সোনার বাংলা। এটাই সম্প্রীতি, সংস্কৃতি, সংহতি, উন্নতির পীঠস্থান বাংলা।”
আগামী ৭ ডিসেম্বর কার্শিয়াংয়ের পাঁচতারা হোটেলে মুখ্যমন্ত্রীর ভাইপো, পেশায় চিকিৎসক আবেশ বন্দ্যোপাধ্যায়ের বাগদান অনুষ্ঠান। পাত্রী দীক্ষা ছেত্রীও চিকিৎসক। একসঙ্গে পড়াশোনার সময়ই আলাপ, প্রেম। তা পরিণতি পাচ্ছে বিয়ের মধ্যে দিয়ে। এই সুখবর শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে। ১০ তারিখ আবেশ-দীক্ষার বিয়ের অনুষ্ঠান। থাকবেন মুখ্যমন্ত্রী নিজে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। অভিষেক সোমবারই পৌঁছে গিয়েছেন কার্শিয়াংয়ে। বুধবার যাবেন মুখ্যমন্ত্রী।

