ধর্মতলাতেই বিজেপিকে সভা করার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ
বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকার ফের ধাক্কা ডিভিশন বেঞ্চে। ধর্মতলায় বিজেপি সর্বভারতীয় নেতা ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করতে চেয়েছিল কিন্তু কলকাতা পুলিশ সেই সভার অনুমতি দেয়নি। ফলে সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি। একক বেঞ্চ ধর্মতলায় সভা করার অনুমতি দিয়েছিল। একক বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
আজ সেই মামলার রায় স্পষ্ট হাইকোর্ট জানিয়ে দিল যে ধর্মতলাতেই সভা করবে অমিত শাহ।ধর্মতলায় বিজেপির (BJP) বঞ্চনা সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। আগামী ২৯ নভেম্বর সভার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। প্রথমে ভিক্টোরিয়া হাউসের সামনে ২৮ নভেম্বর করতে চেয়ে আবেদন করেছিল বিজেপি। কিন্তু ১৫ দিনের আগে না আবেদন করার যুক্তিতে পুলিশ আপত্তি তোলে। পরে ২৯ নভেম্বর সভা করতে চেয়ে নতুন করে আবেদন করা হয় বিজেপির তরফে। সেই আবেদনও খারিজ করে দেয় পুলিশ। পালটা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি।
বিজেপির আবেদনের প্রেক্ষিতে পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি নির্দেশ দেন, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থলে সভা করতে পারবে গেরুয়া শিবির। পুলিশের ভূমিকা নিয়েও বিস্ময় প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। বলে দেন, সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ। কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য।
শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য সওয়াল করে, শাহের সভায় অনুমতি দিলে ধর্মতলা স্তব্ধ হয়ে যাবে। মানুষের অসুবিধা হবে। পালটা আদালতের পর্যবেক্ষণ, মানুষের কথা কেউ ভাবে না। সবার প্রতি সমান মনোভাব দেখানো উচিত। নাহলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিতে হয়। এরপরই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতোই সভা করতে পারবে বিজেপি।
ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর মনে করা হচ্ছে অমিত শাহের সভার করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।

